সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলজিআরডি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক দুই দিনের সফরে আজ শনিবার পটুয়াখালী আসছেন। এই সফরে তিনি জেলায় সাতটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মতবিনিময় সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আবদুল মালেকের একান্ত সচিব মোহাম্মদ ফারুক-উজ-জামান স্বাক্ষরিত সফরসূচিতে জানা যায়, শনিবার সকালে তিনি রবিশাল থেকে সড়কপথে পটুয়াখালী আসবেন। সকাল পৌনে নয়টায় দুমকি উপজেলার লেবুখালী এলাকায় জেলা গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১০টায় জেলা শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে পটুয়াখালীর শহীদ স্মৃতিসৌধ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সকাল ১০টা ২০ মিনিটে পটুয়াখালী পৌর মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাড়ে ১০টায় পৌরসভা চত্বরে পৌরসভার উন্নয়ন-সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেবেন আবদুল মালেক। পরে তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
বেলা তিনটায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সাবুপুরা গ্রামে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করবেন ও সেখানে রাতযাপন করবেন।
রোববার সকাল সাড়ে আটটায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেবেন। সাড়ে নয়টায় পটুয়াখালী পৌরসভার নির্মিতব্য পদচারী-সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সকাল ১০টায় কালিকাপুর যুব সংসদের কর্মকর্তা-সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন। সাড়ে ১০ অ্যাডভোকেট আবুল কাসেম স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বেলা ১১টায় আবদুল করিম মৃধা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর সাড়ে ১২টায় সচিব আবদুল মালেক পটুয়াখালী প্রেসক্লাব ভবনের তৃতীয় তলার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা দুইটায় তিনি সড়কপথে বরিশালের উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।