ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে সাতটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্যমতে, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের থানা-সংলগ্ন ঘোষপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিমের করাতকল ও একই এলাকার ব্যবসায়ী ইনসান আলী, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের ওয়াজ্জিল চৌধুরী, হানিফ মিয়া, আমসু মিয়া, রাজা মিয়া ও সহিদ মিয়ার বাড়ির খড়ের স্তূপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কেউ বলতে পারছে না। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি