সাতটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৭১টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই শর্ত পূরণ না করেই চলছে। কিন্তু এগুলোর সমস্যা সমাধান না করে আরও সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন বিশ্ববিদ্যালয়গুলোর একটি ছাড়া সব কটির উদ্যোক্তাই ক্ষমতাসীন দলের নেতা বা দলের সঙ্গে যুক্ত।
শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবারই আদেশ চূড়ান্ত করা হয়েছে। রোববার এটি জারি করা হবে।
নতুন সাতটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ৭৮টি। এর মধ্যে ২৬টি বর্তমান সরকারের আমলে অনুমোদন পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, মোট ১২৪টি বিশ্ববিদ্যালয়ের আবেদন জমা পড়লেও সরকার-সমর্থক ব্যক্তিদের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোরই অনুমোদন চূড়ান্ত করেছে সরকার।
নতুনগুলোর মধ্যে ঢাকার ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হলেন প্রধানমন্ত্রীর আত্মীয় (সম্পর্কে চাচা হন) শেখ কবির হোসেন, জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুননেসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে অধ্যাপক সহিদুর রহমান খানের নাম থাকলেও এর সঙ্গে আছেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ মির্জা আজম। রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী সাবেক উপাচার্য আবদুল খালেকের স্ত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা হিসেবে নাম আছে সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান ও মোহাম্মদ মহসিনের।
নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা (আবেদনকারী) হিসেবে অধ্যাপক আবদুল আজিজের নাম থাকলেও এর পেছনে আছেন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ সরকার-সমর্থক কয়েকজন ব্যক্তি। এই বিশ্ববিদ্যালয় প্রথমে রাজশাহীতে করার জন্য আবেদন করা হলেও পরে জায়গা স্থানান্তরের আবেদন করা হয়। সূত্রমতে, এই বিশ্ববিদ্যালয়ের মালিকেরা রাজশাহীতে ইউআইটিএসের অবৈধ ক্যাম্পাস পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ আছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা ইউনিভার্সিটির উদ্যোক্তা হলেন টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী ট্রাস্টের রাজিব প্রসাদ সাহা। আরপি সাহা হিসেবে পরিচিত প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার নাতি হলেন রাজিব সাহা।
অনুমোদনের সিদ্ধান্ত হওয়া ঝালকাঠির গ্লোবাল ইউনিভার্সিটির উদ্যোক্তা হিসেবে আছেন একজন প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দা আরজুমান বানু। রাজশাহীতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্থাপন করলেও গ্লোবাল ইউনিভার্সিটিকে ঝালকাঠিতে স্থাপন করতে বলা হয়েছে। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকসহ এর উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন। তাঁরা বলছেন, কয়েক কোটি টাকা বিনিয়োগ করে রাজশাহীতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস তৈরির পর ঝালকাঠিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে বলায় তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে।
এর আগে আওয়ামী ঘরানার ব্যবসায়ী শরিফ এম আফজাল রাজশাহীতে বিশ্ববিদ্যালয় করার আবেদন করলেও পরে সরকারের পরামর্শে তিনি ফরিদপুরে টাইমস বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পান।
শিক্ষানগর হিসেবে পরিচিত রাজশাহীতে কিছুদিন আগেও অবৈধ বিশ্ববিদ্যালয়ের ১৩টি শাখা পরিচালিত হতো। সূত্রমতে, সেখানে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি যারা নিয়েছে তারা অন্য কাউকে সেখানে এই সুযোগ দিতে রাজি নয়। সরকারের উচ্চ পর্যায়ে অনেক দেনদরবারের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্য সেখানে আরেকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি পেয়েছেন। কিন্তু অন্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকারের নীতিনির্ধারক পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয় নেই সেখানে তা দেওয়া।
কিন্তু শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেখানে-সেখানে বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হলে তা উচ্চশিক্ষায় বিপর্যয় ডেকে আনবে। ঝালকাঠি, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জের মতো জেলায় শিক্ষক পাওয়া সম্ভব নয়, ফলে উচ্চশিক্ষার নামে সনদ বিক্রি করা হবে।
নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতা ও যেসব এলাকায় চাহিদা আছে তা বিবেচনা করেই আমরা নতুন বিশ্ববিদ্যালয় দিয়েছি ও দিচ্ছি।’