সাতটি বিষয়ে শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে শিক্ষকের ২৮টি পদের মধ্যে ১৯টি শূন্য। সাতটি বিষয়ে কোনো শিক্ষক নেই। একজন করে খণ্ডকালীন শিক্ষক দিয়ে এ সাতটি বিষয় পড়ানো হচ্ছে।
লালমনিরহাট শহরের রেলওয়ে স্টেশন রোডে ১৯৮৮ সালে মজিদা খাতুন মহিলা কলেজটি স্থাপিত হয়। কলেজটি ১৯৯৭ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে ১ হাজার ৬৬৭ জন ছাত্রী পড়ছেন। এর মধ্যে উচ্চমাধ্যমিকে ৯৭৫ জন। বাকিরা স্নাতকের ছাত্রী।
কলেজের শিক্ষকেরা বলেন, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও প্রাণিবিজ্ঞান—এ সাতটি বিষয়ের বিপরীতে শিক্ষকের ১৩টি পদ আছে। এগুলো দীর্ঘদিন থেকে খালি। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন ও গণিত বিষয়ে ১২টির মধ্যে ছয়টি পদ শূন্য। আর রসায়ন, উদ্ভিদবিদ্যা ও পদার্থবিজ্ঞান বিষয়ে তিনজন শিক্ষক আছেন।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের প্রভাষক জাকির হোসাইন বলেন, শিক্ষক-সংকটের কারণে এ কলেজের শিক্ষার্থীদের রুটিন মোতাবেক পড়াশোনা চালাতে হিমশিম খেতে হয়। শিক্ষক-সংকটের কারণে খণ্ডকালীন শিক্ষকদের সাহায্য নিতে হয়। এর পাশাপাশি কলেজটিকে পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। এতে তাঁদের ওপর চাপ আরও বাড়ে।
কলেজের একাধিক ছাত্রী বলেন, এটা জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকট চলছে। অনেক সময় তাঁদের রুটিন মোতাবেক ক্লাস হয় না। এ ছাড়া একেক সময় একেকজন খণ্ডকালীন শিক্ষক তাঁদের পড়ান।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ শামীম আরা বেগম প্রথম আলোকে বলেন, শিক্ষক-সংকটের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। সাতটি বিষয়ের কোনো শিক্ষক নেই। খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালাতে হচ্ছে। এটা কোনো স্থায়ী সমাধান নয়। এ শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি।
শামীম আরা বেগম বলেন, শিক্ষক-সংকট থাকলেও এ কলেজটি কয়েক বছর ধরে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষায় ভালো ফল করছে। শিক্ষক-সংকট কেটে গেলে ভালো ফলের এ ধারাবাহিকতা বজায় থাকবে।