সাতটি বেড়ার কারণে ১০০ বিঘার রোপা আমন নষ্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে খিরনী ছড়ার সাতটি স্থানে বাঁশের বেড়া দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে বিস্তীর্ণ এলাকার রোপা আমন ধান নষ্ট হয়ে গেছে।
গত মঙ্গলবার উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের জালালপুর গ্রাম এলাকা ঘুরে খিরনী ছড়ায় বাঁশের বেড়া দেখা গেছে। এ সময় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা উপজেলা পরিষদে অভিযোগ দেওয়ার পর কৃষি বিভাগের লোকজন ছড়া এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু বেড়া অপসারণের কোনো উদ্যোগ নেননি।
শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক আহমদ কবির, আকরম আলী, সুফি মিয়া , মালেক মিয়া, হাফিজ মিয়া, তারা মিয়া, আশিক মিয়া ও মাহমুদ আলী বলেন, কমলগঞ্জ উপজেলা সদর ঘেঁষে খিরনী ছড়াটি শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর ও মুন্সীবাজার ইউনিয়নের জালালপুরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মাছ ধরার জন্য মুন্সীবাজার ইউনিয়নের যুদ্ধাপুর গ্রামের চান্দু মিয়া, করিমপুরের হারিছ মিয়া, বাসুদেবপুরের শফিক মিয়া ও বশির মিয়া এবং জালালপুরের রমজান মিয়া ছড়ার মাঝে সাতটি স্থানে বাঁশের বেড়া স্থাপন করেছেন। ঘন করে বাঁশ দিয়ে তৈরি বেড়াগুলো খুবই মজবুত। এ বেড়ার কারণে এক মাসের বেশি সময় ছড়ার পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জন্য ছড়ার দুই পারে শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষকদের প্রায় ১০০ বিঘা জমির রোপা আমন ধান পচে নষ্ট হয়ে গেছে। পেটে ভাত দিতে হলে এখন আবার চারা রোপণ করতে হবে।
কৃষকেরা অভিযোগ করেন, তাঁরা এক সপ্তাহ আগে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে দেখা করে মৌখিকভাবে অভিযোগ করেন। এরপর একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সরেজমিনে অভিযোগের সত্যতা পান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়াগুলো অপসারণের নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত সেগুলো অপসারণ করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান বলেন, ‘আমি গত রোববার গিয়ে বেড়াগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। যাঁরা ছড়ায় বেড়া দিয়েছেন, তাঁদেরই সেগুলো তুলে নেওয়ার কথা ছিল।’ নাম প্রকাশে অনিচ্ছুক বাঁশের বেড়া স্থাপনকারী এক ব্যক্তি জানান, তাঁরা শিগগিরই বেড়াগুলো সরিয়ে নেবেন।
ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সরকারি কাজে আমি ঢাকায় ছিলাম। দু-এক দিনের মধ্যে খিরনী ছড়ায় অভিযান চালিয়ে বেড়াগুলো অপসারণ করা হবে। প্রয়োজনে বেড়া স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’