সাতটি যানবাহনে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩ মামলা
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গত শনিবার গাজীপুরে সাতটি যানবাহনে অগ্নিসংযোগ করার ও এক ট্রাকচালক নিহত হওয়ার ঘটনায় তিন থানায় তিনটি মামলা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল থেকে গরু নিয়ে একটি ট্রাক নরসিংদী যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হরতাল ও অবরোধ সমর্থকেরা ট্রাকের সামনের অংশে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করে। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় এবং চালক নুরুজ্জামান দগ্ধ হন। পরদিন রোববার ভোরে নুরুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ওই রাতেই কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, একই রাতে গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ড ভ্যান এবং একটি যাত্রীবাহী বাসে অবরোধ-সমর্থকেরা অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল হক বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, হরতাল ও অবরোধ-সমর্থকেরা শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুরের আনসার রোড এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে, বেরাইদের চালা এলাকায় একটি পিকআপ ভ্যানে এবং জৈনা বাজার এলাকায় একটি বাসে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করে।
এসব ঘটনায় শ্রীপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।