সাতটি স্পারের তিনটিই ভেঙেছে পানির তোড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা অংশে মধুমতীর ভাঙন অব্যাহত রয়েছে। এ জায়গার ভাঙন ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত তিনটি স্পার গত বর্ষায় ভেঙে গেছে। ফলে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন উপজেলার ২৫ গ্রামের লক্ষাধিক মানুষ। ২০০৮ সালে এই তিনটিসহ সাতটি স্পার নির্মাণ করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙনকবলিত ওই অংশের মঙ্গলহাটা, আতশপাড়া, করফা, মহিষাপাড়া ও মল্লিকপুর গ্রামের প্রায় এক হাজার পরিবারের বসতভিটা ও ফসলি জমি কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনপাড়ের বাসিন্দা মঙ্গলহাটা গ্রামের আনসার খাঁ (৬০) বলেন, ‘নদীতে সবকিছু হারিয়ে এই বুড়ো বয়সে এখন ভ্যান চালায়ে সংসার করছি।’ রাসেল ভূঁইয়া (৩৮) বলেন, ‘ছয়বার নদীতে বসতবাড়ি বিলীন হয়ে এখন আমরা নিঃস্ব। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে আবার বসতভিটা নদীতে যেতে পারে।’ স্থানীয় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, ২০০৭ সালের বর্ষা মৌসুমে মঙ্গলহাটা বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফসলি মাঠে পানি ঢোকে। সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলে তা প্রতিরোধ করেন। নদী-তীরবর্তী মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে নদীর গতিপথ পরিবর্তন করতে ২০০৮ সালে এক কিলোমিটার অংশে স্পার নির্মাণ করা হয়। প্রকল্পের নকশায় ১০টি স্পার নির্মাণের কথা থাকলেও চার কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে সাতটি স্পার নির্মাণ করা হয়। ওই স্পারগুলোর পূর্বপাশে অন্য তিনটির নির্মাণকাজ না হওয়ায় সেখানে ভাঙন অব্যাহত আছে। সরেজমিনে দেখা গেছে, তিনটি স্পার ভেঙে গেছে। স্পারগুলোর পশ্চিম পাশে নতুন তৈরি করা বন্যানিয়ন্ত্রণ বাঁধ নদী থেকে মাত্র ৩৫ ফুট দূরে। স্পারগুলোর পূর্বপাশে ভাঙন অব্যাহত থাকায় নদী বন্যানিয়ন্ত্রণ বাঁধের সঙ্গে মিশে গেছে। এর সঙ্গেই মঙ্গলহাটা বাজার। এর পাশেই ভাঙনের মুখে রয়েছে অন্তত ৩০টি বসতবাড়ি। ভাঙনকবলিত এলাকার আশপাশের মানুষ রয়েছেন আতঙ্কে।স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বর্ষা মৌসুমে অন্তত ৩০০ ফুট জায়গা নদীতে ভেঙেছে। ফলে স্পারগুলোর পূর্বপাশ দিয়ে নদী বন্যানিয়ন্ত্রণ বাঁধের সঙ্গে মিশে গেছে। গত বর্ষা মৌসুমে পানির তোড়ে তিনটি স্পার ভেঙেছে। ফলে ভাঙা স্পারগুলোর পাশে ভাঙনের তীব্রতা বেড়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেলে মল্লিকপুর, ইতনা ও কোটাকোল ইউনিয়নের ২৫টি গ্রাম এবং লোহাগড়া পৌর এলাকার দক্ষিণাংশ বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনকবলিত মল্লিকপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ভট্টাচার্য বলেন, বাঁধ ভেঙে গেলে ওই অংশে মধুমতীর পানি প্রবেশ করে ২৫টি গ্রামের প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।পাউবো নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ওই অংশের ভাঙনরোধে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ছয় মাস আগে মন্ত্রণালয়ে প্রকল্প দেওয়া আছে। এখনো তার কোনো খবর নেই।