সাতটি হিন্দু পরিবারের ৩০০ শতক জমি দখলের অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলায় সাতটি হিন্দু পরিবারের ৩০০ শতক জমি জোর করে দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার নেতৃত্বে কয়েক ব্যক্তি এসব জমি দখলে নেন বলে অভিযোগ রয়েছে।
একই সঙ্গে দখলদারদের পক্ষ নেওয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওই পরিবারগুলোকে দেশত্যাগের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের সহেরাবাদ গ্রামের রিপন বড়াল, স্বপন বড়ালসহ তাঁদের বংশের সাতটি পরিবারের ৩০০ শতক জমি দখল করতে দীর্ঘদিন ধরে নানামুখী চেষ্টা চালাচ্ছিলেন সহেরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল খান, তাঁর ভাই আনছার খান, আনোয়ার খান, চাচাতো ভাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম খানসহ কয়েক ব্যক্তি। ৪ ও ৬ অক্টোবর তাঁরা ওই ৩০০ শতক জমি গাছ লাগানোর উপযোগী করে জোর করে দখলে নেন। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন রিপন বড়ালের মা চারুবালাকে (৭৫) ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে চারুবালা আঘাত পেলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
স্বপন বড়াল অভিযোগ করেন, ‘৪ অক্টোবর মাটি কেটে জমি দখলে নেওয়ার সময় আমরা পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিই। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে ৬ অক্টোবর ওই ৩০০ শতক জমি তারা দখল করে নেয়। দখলদারেরা জাল দলিল তৈরি করে এসব জমির মালিকানা দাবি করে আসছিল। কিন্তু এসব জমি আমাদের পৈতৃক।’
রিপন বড়ালের অভিযোগ, এ ঘটনায় ইকবাল খানসহ দখলদারদের পক্ষ সমর্থনকারী পাথরঘাটা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জহির রায়হান ৫ অক্টোবর রাত আটটার দিকে চরদুয়ানি বাজারে বসে তাঁকে (রিপন বড়াল) দেশত্যাগে বাধ্য করার হুমকি দেন। আর দেশে থাকলে অস্ত্র, মাদক ও হরিণের চামড়া রেখে জেল খাটানোরও হুমকি দেন। এ ঘটনায় ৬ অক্টোবর রিপন বড়াল পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রিপন বড়াল আরও অভিযোগ করেন, চরদুয়ানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ এবং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জহির রায়হানের মদদে প্রতিপক্ষ তাঁদের জমি দখল করেছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ার খান বলেন, ‘এসব জমি ক্রয়সূত্রে আমরাই মালিক। দীর্ঘদিন ধরে এর দখল আমরা পাইনি। পরে চেয়ারম্যানের শরণাপন্ন হলে তিনি আমাদের জমি বুঝ করে দিয়েছেন। এরপর মাটি কেটে আমাদের জমি আমরা দখলে নিয়েছি। কোনো জোরজবরদস্তি করিনি।’
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম খান বলেন, ‘ওই জমি আমাদের। তাই আমরা দখলে নিয়েছি।’
চরদুয়ানি ইউপির চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ‘ইকবাল খানের ওই জমির মালিকানার দলিল আছে, তাঁদের মধ্যে এ নিয়ে মামলাও চলছে। আর আমি কাউকে জমি বুঝ করে দিইনি।’ মদদের অভিযোগও তিনি অস্বীকার করেন।
জহির রায়হান বলেন, ‘রিপন বড়াল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আমি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। আমি কেন তাঁকে হুমকি দেব? এসব অভিযোগ মিথ্যা।’
পাথরঘাটা থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, জমি দখলের যে অভিযোগ তাঁরা পেয়েছেন, তা তদন্ত করা হচ্ছে। আর দেশত্যাগের হুমকির কথা উল্লেখ করে যে জিডি করা হয়েছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।