সাতটিতে আ.লীগপন্থী চারটিতে বিএনপিপন্থী শিক্ষকদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে সাতটিতে জয়লাভ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’। চারটিতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে দুপুুর দুইটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫১০ জন হলেও ভোট দেন ৩৯৭ জন শিক্ষক।গণতান্ত্রিক শিক্ষক ফোরামের প্রার্থী আবদুর রহমান সরকার ২০১ ভোট পেয়ে সভাপতি, কাজী শাহানারা আহমেদ ২০১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মোহাম্মাদ শামছুদ্দিন ২০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই ফোরাম থেকে মঞ্জুরুল আলম, জহিরুল হক খন্দকার, আবুল কাসেম ও আমিরুল ইসলাম সদস্যপদে নির্বাচিত হয়েছেন।অপরদিকে সোনালী দলের মোরশেদ আলম ২০৮ ভোট পেয়ে সহ-সভাপতি এবং আবদুল আলীম ২০৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সোনালী দল থেকে নির্বাচিত সদস্যরা হলেন এ কে ফজলুল হক ভূঁইয়া ও হাম্মাদুর রহমান।