
আগের মতোই বিক্ষিপ্ত সংঘর্ষ, জাল ভোট, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে গতকাল সোমবার সাতটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বাকি পাঁচটি উপজেলার নির্বাচন।
গতকাল এই ১২টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এগুলো হচ্ছে: সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি অনিয়ম ও সহিংসতা হয়েছে কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার নির্বাচনে। রংপুরের চারটি এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত সারা দেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৭১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলো৷ প্রথম দুটি ধাপের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলেও পরবর্তী তিনটি নির্বাচনে সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটে।
ভোট গ্রহণ শেষে গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে মাঠপর্যায় থেকে যে প্রতিবেদন এসেছে, তাতে নির্বাচন অন্যবারের চেয়ে সন্তোষজনক হয়েছে। মোট ৭৪৬টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত এবং একটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।’
কুমিল্লায় সংঘর্ষ: কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, গুলি বিনিময় ও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নির্বাচনে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার অভিযোগে অস্ত্রসহ আদর্শ সদর উপজেলায় ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে জরিমানা করেন বিচারিক হাকিম।
সংঘর্ষের কারণে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর ছায়াবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আফজল খান কমার্স কলেজ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে দিনভর বেশির ভাগ ভোটকেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। এদিকে আদর্শ সদর উপজেলার ৩০টি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। অন্যদিকে সদর দক্ষিণ উপজেলা বিএনপি ৬০টি কেন্দ্রেই ভোট কারচুপির অভিযোগ আনে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলী আজ্জমের বিরুদ্ধে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম দাবি করেন, ‘ওই সময়ে পাশের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। তখন এক নতুন ভোটার সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনেই ভোট দিয়ে ভয়ে পালিয়ে যান। ওই কর্মকর্তা সিল মারেননি।’

গাজীপুরে পাল্টাপাল্টি কারচুপির অভিযোগ: গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পাল্টাপাল্টি কারচুপির অভিযোগ করেছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী ইজাদুর রহমান মিলন আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করে বলেন, সকাল থেকে সরকারদলীয় নেতা-কর্মীরা অনেক কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন। এ ছাড়া ভোটের ফলাফল পাল্টে দেওয়া হতে পারে তিনি আশঙ্কা করেন।
তবে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী আবদুল লতিফ বলেছেন, নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই; বরং বিএনপির প্রার্থীর লোকজন নিজের এলাকার ভোটকেন্দ্রগুলোতে জাল ভোট দেওয়ার চেষ্টা করছেন।
কামারখন্দে একতরফা নির্বাচন: সিরাজগঞ্জের কামারখন্দে ভোট ডাকাতি রোধে প্রশাসনের সব কৌশলই ব্যর্থ হয়েছে। ব্যাপক জাল ভোট ও প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল মতিন চৌধুরীর বিরুদ্ধে। বর্তমান চেয়ারম্যান ও সিপিবি-সমর্থিত প্রার্থী এস এম শহীদুল্লাহ সবুজ ও বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল আজিজ সরকার একতরফা এই নির্বাচনে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন।
বিজয়নগরে মাঠ ছেড়ে দিল প্রতিপক্ষ: চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বীরা মাঠ ছেড়ে দেওয়ায় শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একতরফা নির্বাচন হয়েছে। ভোট শুরুর সাড়ে চার ঘণ্টা পর বিএনপি-সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম সংবাদমাধ্যমের কাছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় শরিফুল আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তানবীর ভূঞার বিরুদ্ধে তাঁর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কর্মীদের মারধর করা ও ভোট কারচুপির অভিযোগ আনেন।
তানবীর ভূঞার বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলামও প্রায় একই অভিযোগ এনেছেন। শেষ পর্যন্ত তিনি মাঠে থাকলেও ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগে ৩০টি কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন৷
তালতলীতে কেন্দ্র দখল: বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ২৯টি কেন্দ্রের প্রায় সব কটি দখল করার অভিযোগ উঠেছে। ব্যালটে সিল মেরে বাক্সভর্তি করা এবং ব্যাপক জাল ভোট দেওয়া হয়। নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগে দুপুর ১২টার দিকে তালতলী প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ তালুকদার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন।
কালুখালীতে পাল্টাপাল্টি ধাওয়া: রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২২টি কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। মৃগী ইউনিয়নে আখরজানি সরকাির প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সাওরাইল ইউনিয়নের বি-কয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কাজী সাইফুল ইসলামের কর্মীরা সকাল থেকে নিয়ন্ত্রণে নেন। বেলা ১১টার দিকে তাঁদের ধাওয়া করেন একই দলের বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের সমর্থকেরা। এ সময় উভয় পক্ষের কাছে দেশীয় অস্ত্র ছিল বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৭টি, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১১৫টি, ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১টি, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১টি এবং ৩০ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি উপজেলায় নির্বাচন হয়। এ ছাড়া দুটি উপজেলার নির্বাচন নির্ধারিত তারিখের পরে অনুষ্ঠিত হয়।