চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত নগরের আগ্রাবাদ এক্সেস সড়কে সাততলা একটি ভবন সিলগালা করে দিয়েছেন। একই সঙ্গে নির্মাণাধীন একটি আটতলা ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়।গতকাল সোমবার আদালত এ অভিযান চালান। এক বিজ্ঞপ্তিতে সিডিএ জানায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ ও ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮-এর অধীনে সিডিএ থেকে নেওয়া নকশা পরিবর্তন করে ভবন নির্মাণের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। সিডিএর নির্বাহী হাকিম মোহাম্মদ আশরাফুল আমিন আদালতের নেতৃত্ব দেন।জানা যায়, সাততলা ভবনটির মালিক মোহাম্মদ আবুল বশর ওরফে আবু এবং নির্মাণাধীন আটতলা ভবনের মালিক মোহাম্মদ সিরাজ হোসেন ও মোহাম্মদ মিরাজ হোসেন। এ ছাড়া নকশায় উন্মুক্ত স্থান হিসেবে ছেড়ে দেওয়া জায়গা পুনরায় দখল করে নির্মাণকাজ করার দায়ে ভেনচার ডেভেলপার নামের একটি নির্মাণপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ওই জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইমারত নির্মাণ আইনের ব্যতিক্রম ঘটিয়ে ভবন নির্মাণ করায় স্থানীয় মোহাম্মদ এয়াছিনকে ৫০ হাজার এবং মাহাবুবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের ভবনের নকশার ব্যতিক্রমী অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।