বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের শরীরে এ পর্যন্ত সাতবার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এখন তাঁর হাতে ও পায়ে গাছের শিকড়ের মতো বেড়ে থাকা অংশ নিয়মিত চেঁছে ফেলা হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, তিনি ভালো আছেন।
খুলনা জেলার পাইকগাছার আবুল বাজনদারকে গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। এতে তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা শিকড়ের মতো জটের আকার ধারণ করে। ২০ ফেব্রুয়ারি আবুলের প্রথম অস্ত্রোপচার হয়। সর্বশেষ হয়েছে ১৮ জুন।
গতকাল রোববার বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হোসাইন ইমাম প্রথম আলোকে বলেন, আবুলের ডান হাতে তিনবার, বাঁ হাতে দুবার এবং দুই পায়ে একবার অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারে মাধ্যমে হাতে ও পায়ে শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশ কেটে ফেলা হয়েছে। এখন প্রতি সপ্তাহে সেই সব অংশ আরও সূক্ষ্মভাবে চেঁছে ফেলা হচ্ছে।
আবুলের হাতে ও পায়ে আবারও শিকড়ের মতো বের হবে কি না, সে ব্যাপারে চিকিৎসকেরা নিশ্চিত নন। তবে গতকাল পর্যন্ত সে রকম কোনো লক্ষণ দেখা যায়নি।