সাথিয়ায় ছাত্রদল ছাত্রলীগ-যুবলীগের সভা পণ্ড
একই সময়ে ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগ সভা আহ্বান করায় পাবনার সাথিয়ায় বনগ্রাম বাজারে গতকাল বুধবার দুপুরে পুলিশ ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়। এতে ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগ সভা করতে পারেনি। তবে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারিপত্র অনুমোদন করেনি।উপজেলা বিএনপির সদস্য সেলিম খান জানান, সাথিয়া উপজেলা ছাত্রদল গতকাল দুপুরে ওই এলাকায় দলের সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সংবর্ধনার আয়োজন করে। এ জন্য পুলিশের অনুমতিও নেওয়া হয়। কিন্তু বিকেল থেকে যুবলীগ ও ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই স্থানে সভা করার ঘোষণা দেয়। পুলিশ অনুষ্ঠানস্থলে এসে ছাত্রদলকে ১৪৪ ধারা জারি হয়েছে বলে অবহিত করে।উপজেলার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চোধুরী জানান, একই সময়ে একই স্থানে দুই পক্ষ সভা আহ্বান করায় উত্তেজনা দেখা দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আহ্বান জানায়। বিষয়টি সব পক্ষকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে ইউএনও ১৪৪ ধারা জারিপত্রে স্বাক্ষর করেননি।ইউএনও আবদুুর রাজ্জাক এ বিষয়ে বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারির সব প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরিস্থিতি ততটা অবনতি না হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়নি।