সাথে থেকো, মনে রেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান l ছবি: প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান l ছবি: প্রথম আলো

প্রথম আলোর গোলটেবিল বৈঠকে আলোচকদের জন্য নির্ধারিত জায়গায় বসেছিলেন মোজাফফর হোসাইন। সবাই কথা বলছেন, তিনি বলছেন না। মাঝে মাঝে মুখ তুলে শুধু শূন্য দৃষ্টিতে তাকাচ্ছেন। কিছু শুনছেন কি না, তা-ও বোঝা যায় না। স্ত্রী ফওজিয়া খানম বললেন, মোজাফফর হোসাইন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। ডিমেনশিয়ায় আক্রান্ত এখন। মাথা থেকে সব স্মৃতি মুছে গেছে। কাউকে আর চিনতে পারেন না।
গতকাল মঙ্গলবার ‘আসুন ডিমেনশিয়া-বান্ধব সমাজ গড়ি’ শিরোনামে প্রথম আলো কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ওই বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, ডিমেনশিয়া রোগীদের স্মৃতিশক্তি ক্রমশ লোপ পায়, তাঁরা স্বাভাবিক কাজকর্ম, শখের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, তাঁদের বিচার-বিবেচনাবোধ কমে আসে, একই কথা বারবার বলেন, জিনিসপত্র হারিয়ে গেলে অন্যদের দোষ দিতে থাকেন, শিশুদের মতো রেগে যান, অভিমান করেন, বাসা খুঁজে পান না, হারিয়ে যান। ডিমেনশিয়ায় আক্রান্তদের চিকিৎসা আদর-ভালোবাসা। তাঁরা সবকিছু ভুলে গেলেও পরিবার ও সমাজের সদস্যদের তাঁদের ভুলে গেলে চলবে না। তাই এ বছর বিশ্ব আলঝাইমারস মাসের স্লোগান ছিল, ‘সাথে থেকো, মনে রেখো’। ডিমেনশিয়ার অনেকগুলো ধরনের মধ্যে প্রধান আলঝাইমারস।
চিকিৎসক ও প্রবীণদের নিয়ে কাজ করেন যাঁরা, তাঁরা গতকাল গোলটেবিল বৈঠকে বলেন, পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষেরা সাধারণত এ রোগে ভোগেন। বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা এখন তিন লাখ। বৈঠকে জাতীয় অধ্যাপক এম আর খান দীর্ঘ জীবনে সুস্থ থাকার উপায় বলেন। তিনি বলেন, ‘রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন। সবাইকে ভালোবাসতে হবে, ঝগড়া-বিবাদ-প্রতিহিংসা থেকে দূরে থাকতে হবে। শিশুদের সাহচর্যে থাকতে হবে।’ তিনি বলেন, শিশুদের সঙ্গে থাকলে প্রবীণেরা ভালো থাকেন—এ বিষয়টি বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। এ ছাড়া প্রবীণদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন এম আর খান।
ডিমেনশিয়া রোগটি কী—বোঝাতে গিয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, মস্তিষ্ক একটা খাতার মতো। সেই খাতার পাতায় স্মৃতি জমে প্রতিদিন। কারও কারও ক্ষেত্রে এই খাতার পাতা একসময় ফুরিয়ে যায়, নতুন করে আর স্মৃতি জমা হয় না। তাঁরা পুরোনো কথা মনে করতে পারলেও নতুন কথা আর মনে করতে পারেন না। তিনি আরও বলেন, কিছু কিছু ক্যানসার প্রতিরোধযোগ্য; হৃদ্রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু ডিমেনশিয়া কখনো ভালো হয় না। ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষ শিশুর মতো। তাঁদের মূল চিকিৎসা মমতা-ভালোবাসা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক সরকারের অসংক্রামক ব্যাধি কর্মসূচির মধ্যেই ডিমেনশিয়ার ব্যাপারে সচেতনতামূলক বার্তাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দেন।

স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও প্রথম আলো আয়োজিত ‘আসুন ডিমেনশিয়া-বান্ধব সমাজ গড়ি’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে আলোচকেরা l ছবি: প্রথম আলো
স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও প্রথম আলো আয়োজিত ‘আসুন ডিমেনশিয়া-বান্ধব সমাজ গড়ি’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে আলোচকেরা l ছবি: প্রথম আলো

স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জীবন কানাই দাশ বলেন, তাঁর প্রতিষ্ঠান ঢাকার ৪০০ পরিবারে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের জন্য নার্স সরবরাহ করে থাকে। এ ছাড়া ০১৭৩৩২২২৯৯৯ নম্বরে যেকোনো সময় ফোন করলে চিকিৎসা ও সেবা-সহায়তা পাওয়া যায়।
স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রহমান জিলানী ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীদের সেবায় পাড়া-মহল্লায় স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, এখনো পর্যন্ত এই রোগটির প্রকোপ সম্পর্কে খুব বেশি বোঝা না গেলেও আসলে বাংলাদেশে একটি টাইম বোমার ওপর বসে আছে। কারণ গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগে আক্রান্তের হারও বাড়বে।
অনেক সময় ডিমেনশিয়া রোগটি নির্ণয়ে বাংলাদেশের চিকিৎসকেরা পিছিয়ে থাকছেন বলে উল্লেখ করেন জেরিয়াট্রিক মেডিসিনের চিকিৎসক সামনুন এফ তাহা। তিনি বলেন, ভুলে যাওয়া মানেই ডিমেনশিয়া নয়। ভিটামিন বি ১২-এর অভাবে, হরমোনের সমস্যা থাকলে মানুষ ভুলে যেতে পারে। ব্যক্তিত্ব, আচার-আচরণ, মেজাজের পরিবর্তন দেখা দিলে ‘মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন’ নামের একটি পরীক্ষা করে রোগটি আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় বলে জানান মনোচিকিৎসক আশফাকুজ্জামান চৌধুরী। তিনি বলেন, মস্তিষ্কক সচল রাখা খুব জরুরি। তিনি তাঁর কাছে আসা রোগীদের মাঝেমধ্যে দাবা, তাস বা গলফ খেলার পরামর্শ দেন বলে উল্লেখ করেন।
বাংলাদেশ ডিমেনশিয়া অ্যাকশন অ্যালায়েন্সের চেয়ারপারসন ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের এদেশীয় পরিচালক নির্ঝরিনী হাসান দেশের উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকেরা যেন ডিমেনশিয়া রোগটি নির্ণয় করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকায় এ ব্যাপারে প্রচার করা সম্ভব বলে মন্তব্য করেন। এ ছাড়া গণমাধ্যমকর্মীদের সচেতন করতে প্রেসক্লাবকে সম্পৃক্ত করার সুপারিশ করেন।
গণমাধ্যমের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার প্রস্তাব রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক এ এস এম আতীকুর রহমান। তিনি আরও বলেন, ‘আমরা কিছু করতে গেলেই আগে দেখি পশ্চিমারা কী করেছে এবং ডোনার পাওয়া যাবে কি না। নিজেদের প্রথা ও সংস্কৃতিনির্ভর কর্মসূচি নিতে হবে আমাদের।’
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিলা নার্গিস খান তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, তাঁর প্রাণোচ্ছল, স্বাধীনচেতা শ্বশুর ডিমেনশিয়ায় শেষ পর্যন্ত নির্বাক হয়ে পড়েছিলেন, মুখে খাবার দিলে যে গিলতে হয়, জীবনের শেষ প্রান্তে এসে তা-ও ভুলে গিয়েছিলেন। সারা দিনের দেখাশোনার কাজে আত্মীয়স্বজনের পাশাপাশি স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কর্মীদের সহযোগিতা পেয়েছেন বলে তিনি জানান।
বৈঠকে যুক্তরাজ্যের নিউরো-রিহ্যাবিলিটেশনের পরিচালক এম সাকেলের একটি বিবৃতি সবাইকে দেওয়া হয়।