
সাদ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আজ বুধবার উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা বিকেল পাঁচটার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মামলা এবং ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ভবন ও আবাসিক হলের সামনে বিক্ষোভ করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ওই ভবনের ফটকে তালা দেন। এ সময় প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তা আটকা পড়েন। পরে দুপুর ১২টার দিকে ভবনের তালা খুলে দেওয়া হয়। পাশাপাশি আজ বিকেল পাঁচটায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
এদিকে গতকাল মঙ্গলবারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সব অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ে আজ কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট ও অনুষদীয় ছাত্র সমিতি।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলের একটি কক্ষে ডেকে নিয়ে ‘শিবিরের কর্মী’ সন্দেহে সাদ ইবনে মোমতাজকে ক্রিকেট স্টাম্প, লাঠি ও রড দিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। মাত্স্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র সাদ নিজেও ছাত্রলীগ করতেন। তবে সাদকে মারধরের খবর অস্বীকার করেছে ছাত্রলীগ।