ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আসামি সাদমান ইয়াসির মাহমুদের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিলেন। পরে চেম্বার বিচারপতি তা স্থগিত করেছিলেন।
আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
গত ১ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাদমানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। ৫ জুন তিনি জামিনে মুক্তি পান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জুন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং তাঁকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য তালিকায় আসে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাদমানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও বি এম ইলিয়াস।
পরে বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ সাদমানের জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ চলমান থাকবে বলে জানিয়েছেন। আদালতের নির্দেশ অনুসারে গত ২৪ জুন সাদমান নিম্নআদালতে আত্মসমর্পণ করেন। বিষয়টি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি করতে পক্ষগণকে বলা হয়েছে বলে জানান তিনি।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির কাছে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ বছরের ২৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গত বছরের ১৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাদমান ইয়াসির মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদিস মুফতি জসীম উদ্দিন রাহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা, মো. ফয়সাল বিন নাঈম ওরফে দীপ, মাকসুদুল হাসান ওরফে অনিক, মো. এহসান রেজা ওরফে রুম্মান, নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফিস ইমতিয়াজ ও সাদমান ইয়াসির মাহমুদ।
অভিযোগপত্রে রাহমানীকে ‘হত্যাকাণ্ডে অনুপ্রেরণাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হলেন নর্থ সাউথের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা। রানা পলাতক। বাকি সাতজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।