সাদরিভাষী শিশুরা এবারও মাতৃভাষায় পাচ্ছে না নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার সাদরিভাষী জনগোষ্ঠী অর্থাৎ ওঁরাও, মুন্ডা, মাহাতো ও রাজোয়ারদের ১০০টির বেশি গ্রাম রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পয়লা জানুয়ারিতে এই জনগোষ্ঠীর প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের মাতৃভাষার নতুন বই পাওয়ার কথা। কিন্তু এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের অজ্ঞতায় এই জনগোষ্ঠীর শিশুদের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বইয়ের চাহিদাই পাঠানো হয়নি। এতে সাদরিভাষী শিশুরা এবার তাদের মাতৃভাষায় নতুন বই পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাদরিভাষী জনগোষ্ঠী সম্পর্কে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা তেমন কিছু জানেন না। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বলতেই এসব শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক বোঝেন সাঁওতাল জনগোষ্ঠীকে। তাই সাদরিভাষী জনগোষ্ঠী সম্পর্কে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখানে সাঁওতাল জনগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে। এদের অধিকাংশই খ্রিষ্টধর্ম গ্রহণ করে বাংলা ভাষাতেই পাঠ গ্রহণ করে। সাদরিভাষী শিশুদের ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা নেই।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘সাদরিভাষী জনগোষ্ঠী ও তাদের শিশুদের সম্পর্কে জানা নেই। কোন কোন এলাকায় এই জনগোষ্ঠীর শিশু রয়েছে এবং তাদের জন্য বইয়ের চাহিদাপত্র উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে জেলা কার্যালয়ে আসার কথা। উপজেলা শিক্ষা কর্মকর্তারা না পাঠালে আমার করার কিছু নেই।’

গোমস্তাপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল গাফফার বলেন, সাদরিভাষী জনগোষ্ঠী সম্পর্কে ধারণা না থাকায় বইয়ের চাহিদা পাঠানো হয়নি। এ ছাড়া সাদরিভাষী জন-অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরাও এসব শিশুর জন্য সাদরি ভাষার বইয়ের চাহিদা পাঠাননি। একই ধরনের কথা বলেন নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ও পার্বতীপুর ইউপিতে সাদরিভাষী ওঁরাও জনগোষ্ঠীর বহু গ্রাম রয়েছে। এর মধ্যে ওঁরাও অধ্যুষিত বসনইল, শ্রীকান্দর, জশৈল, বেগপুর, সিদ্ধিগ্রামসহ আরও বেশ কয়েকটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত কোনো নির্দেশ না পাওয়ায় সাদরি ভাষার শিশুদের বইয়ের চাহিদা পাঠাননি তাঁরা। এ ছাড়া তাঁদের বিদ্যালয়ের আওতাভুক্ত এলাকায় ক্ষুদ্র জাতিসত্তার ওঁরাও, মুন্ডা, মাহাতোরা বসবাস করলেও তাঁদের ভাষার নাম যে ‘সাদরি’ তাও তাঁদের জানা ছিল না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রচারণার উদ্যোগ নিলে ভালো হতো বলে মনে করেন তাঁরা।

প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিশুদের সাদরি ভাষায় পুস্তক প্রণয়নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগের সঙ্গে যুক্ত ওঁরাওদের নেতা ‘লাহান্তি ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক বঙ্গপাল সরদার। তিনি জানান, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সাদরিভাষী ওঁরাও, মুন্ডা, মাহাতো ও রাজোয়ারদের ১০০টির বেশি গ্রাম রয়েছে। সাদরিভাষী জনগোষ্ঠী সম্প্রতি গণমাধ্যমে দেওয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘোষণা অনুযায়ী আশা করেছিল, পয়লা জানুয়ারিতেই তাঁদের শিশুরা মাতৃভাষায় নতুন বই পাবে। নতুন বছরে তারা মাতৃভাষায় শুরু করবে লেখাপড়া।  সাদরি ভাষার কোনো বর্ণমালা না থাকায় বাংলা হরফেই এই ভাষার উচ্চারণে পুস্তক প্রণয়ন করা হয়েছে। বঙ্গপাল সরদার আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাদরি ভাষার জনগোষ্ঠী সম্পর্কে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের ধারণা না থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এই জনগোষ্ঠীর শিশুদের বইয়ের কোনো চাহিদা পাঠানো হয়নি। এ কথা জানতে পেরে আমরা মর্মাহত।’

গোমস্তাপুর উপজেলার ওঁরাওদের সামাজিক সংগঠন ‘দিঘরী পরিষদ’-এর রাজা জহরলাল এককা বলেন, পাহাড় ও সমতলের আদিবাসীদের শিশুদের প্রাথমিক পর্যায় পর্যন্ত শিক্ষার দাবি সরকার বেশ আগেই মেনে নিয়েছে। ২০১৫ সালেই এসব শিশুর মাতৃভাষায় বই পাওয়ার কথা ছিল। কিন্তু বই তৈরির উদ্যোগে ধীরগতি হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে শিক্ষামন্ত্রী ২০১৭ সালের পয়লা জানুয়ারিতেই বই দেওয়া হবে বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন, ‘আমার এলাকার শিশুদের বইয়ের চাহিদা পাঠানো হয়নি জেনে খারাপ লাগছে। এটা আদিবাসীদের প্রতি অবহেলারই প্রকাশ।’