থানচি উপজেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের হদিস না পাওয়া ৩২ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ডেকে সাদা কাগজের বিলে স্বাক্ষর নিয়ে তাঁদের টাকা দেওয়ার কথা গতকাল শুক্রবার শিক্ষকেরা স্বীকার করেছেন। অবশিষ্ট আরও ২১ হাজার টাকা কোন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে, এখনো উপজেলা শিক্ষা কর্মকর্তা জানাননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। প্রথম আলোতে গত মঙ্গলবার ‘প্রতিযোগিতা শেষে অনাহারে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে টুর্নামেন্টের বরাদ্দের টাকা সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে খোঁজ নেওয়া হয় বলে সূত্র জানায়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যরাং ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ক্যশৈমং মারমা বলেছেন, গত বুধবার রাতে ডিপিইওর কার্যালয় থেকে বৃহস্পতিবার সকালে জরুরি ভিত্তিতে ১০ জন শিক্ষককে বান্দরবানে আসার জন্য মুঠোফোনে বলা হয়। কী কারণে তাঁদের আসতে হবে জানতে চাইলেও জানানো হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম আগত শিক্ষকদের প্রত্যেককে ৫০০ টাকা দেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাঁর মুঠোফোন সারা দিন বন্ধ পাওয়া যায়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিছ আরা বেগম তাঁর সামনে শিক্ষকদের ৫০০ টাকা করে দেওয়ার কথা স্বীকার করে বলেছেন, সময় না পাওয়ার কারণে তিনি টাকা দিতে পারেননি। অন্য টাকাগুলো আগে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।