ব্যবসায়ীদের প্রতিবাদবন্ধন, চাইলেন সহিংসতার অবসান

হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ জানাতে রাজপথে নেমে এসে শান্তি, ঐক্য ও রাজনৈতিক সমঝোতা চাইলেন ব্যবসায়ীরা। সাদা পতাকা হাতে সহিংসতার অবসান চাইলেন। দেশের চলমান সহিংস রাজনীতি এবং হরতাল-অবরোধের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে আজ রোববার সাদা পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদবন্ধন কর্মসূচিতে এই দাবি করেন ব্যবসায়ীরা। রাজধানীর শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলে। সারা দেশের সব ব্যবসায়ী চেম্বার ও সমিতির নেতারা নিজ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।
এ সময় এফবিসিসিআই ভবনের সামনে সমাবেশে সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘এই কর্মসূচির মধ্য দিয়ে প্রধান দুই দলের কাছে একটা বার্তা গেল। আমরা বলতে চাই, ব্যবসায়ীরা শান্তি চান। শান্তি প্রতিষ্ঠা না হলে ব্যবসায়ীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’ তিনি বলেন, অসুস্থ রাজনীতির কারণে দেশের সব শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যবসা খাত অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ রাজনীতির চক্র থেকে বের হয়ে ব্যবসা খাত, রাজনীতি ও দেশকে বাঁচাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তিনি।
এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, দুই দল সমঝোতায় এলে জাতির জন্য শান্তি আসবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবে। হরতাল-অবরোধে সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে জানিয়ে সরকারের কাছে নিরাপত্তা চান তিনি। দেশের এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকেই ঋণের কিস্তি শোধ করতে পারছেন না বলেও উল্লেখ করা হয়। কোনো ব্যবসায়ী ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হলে আপাতত তাঁকে ঋণখেলাপি ঘোষণা না করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।
একই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সাদা পতাকা হাতে একই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। বেলা ১১টায় তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধনের পর পোশাক খাতের ব্যবসায়ীদের একটি মিছিল এফবিসিসিআইয়ের ভবনের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।
শিল্প ও বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদ এবং শান্তির দাবিতে ৩ ডিসেম্বর সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। ১১ ডিসেম্বর এফবিসিসিআই সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের সাদা পতাকার এই কর্মসূচির ঘোষণা দেয়।