সাদা পোশাকে অভিযান বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম-অপহরণ বন্ধ করতে সাদা পোশাকে অভিযানে না যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের সব জেলা পুলিশ সুপারকে এ নির্দেশ দিয়ে বলা হয়েছে, পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীকে সাদা পোশাকে অভিযান চালাতে দেখলে তার পরিচয় নিশ্চিত হতে হবে। এ ছাড়া মাইক্রোবাসে অস্বচ্ছ কাচ ব্যবহারও বন্ধ করতে হবে।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপহরণ ও গুমের ঘটনায় পুলিশ প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তারা কয়েক দফা বৈঠকও করেছেন। বৈঠকের সিদ্ধান্ত পুলিশের সব বিভাগকে জানানো হয়েছে। অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৪ মে সব পুলিশ সুপারকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তারাও গতকাল রাজধানীর পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।
মহানগর পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সূত্র ধরে মহানগর পুলিশ কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে মহানগর পুলিশের উপকমিশনার থেকে শুরু করে পদস্থ সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, সম্প্রতি অপহরণ ও গুমের ঘটনা বেড়ে যাওয়ায় এসব বন্ধ করতে রাজধানীর আটটি প্রবেশপথে রাতের অন্ধকারে ছবি তোলা যায় এমন সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়। এসব প্রবেশপথে ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তল্লাশিচৌকি বসানো হবে। পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হবে। সড়কের পাশের বড় ভবনের সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে সংশ্লিষ্ট ভবনের মালিকদের চিঠি দেওয়া নিয়েও আলোচনা হয়।
বৈঠকের ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের মুখপাত্র ও যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাইক্রোবাসে অস্বচ্ছ কাচ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাউকে রঙিন কাচ ব্যবহার করে রাস্তায় চলতে দেওয়া হবে না। কোনো যানবাহনে যদি তৈরি অবস্থা থেকে রঙিন কাচ লাগানো থাকে, তবে তা অপসারণ করতে মালিককে কয়েক দিন সময় বেঁধে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত আরেকজন কর্মকর্তা বলেন, মাইক্রোবাসের ওপর পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। বিশেষ করে রাতের বেলা চলাচলকারী সব মাইক্রোবাস তল্লাশি করা হবে। এ ছাড়া সাদা পোশাকে কোনো অভিযান চালাতে দেখামাত্র যারা অভিযান করছে তাদের বৈধ কোনো কাগজপত্র আছে কি না তা খতিয়ে দেখা হবে। বৈধ কাগজপত্র ছাড়া কেউ অভিযান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।