সাদা পোশাকে পুলিশের ‘চাঁদাবাজি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপরাধ দমনে’ ঢাকার আশুলিয়া, ধামরাই ও সাভার মডেল থানার বেশ কয়েকজন কর্মকর্তা নিয়মিত সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালন করতে গাড়ি ভাড়াসহ মাসে তাঁদের ব্যয় হয় ১৩ লাখ টাকারও বেশি। অভিযোগ রয়েছে, চাঁদাবাজি করে তাঁরা এ ব্যয় মেটান। অন্যদিকে দুর্বৃত্তরা এ সুযোগ কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে নানা অপরাধ করে যাচ্ছে।সাভার মডেল থানার একাধিক দায়িত্বশীল সূত্রসহ প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ও এসআই কাউসার মাতব্বর সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এই দুই কর্মকর্তা দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) মাইক্রোবাসে করে রাত-দিন সাভার থানা এলাকা চষে বেড়ান। নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানার একাধিক কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমের সম্মতিতে এসআই হাফিজুর রহমান ও রবিউল আলম সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এই দুজন কর্মকর্তা ছাড়াও প্রতিদিন সন্ধ্যার পর সাদা পোশাকে মাইক্রোবাস ও ব্যক্তিগত কার নিয়ে বের হন সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজিকুল ইসলাম, কামাল হোসেন, শাহ্ জালাল মিয়া, নয়ন মিয়া, আনোয়ার মোল্লা ও খায়রুজ্জামান শেখ।আর ধামরাই থানায় সাদা পোশাকে দায়িত্ব পালন করেন এসআই জুবায়দুল হক।পুলিশ পরিবহনের সঙ্গে যুক্ত গাড়ির চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, সাদা পোশাকে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি ব্যবহার করেন। গ্যাসসহ রাত-দিনে প্রতিটি গাড়ির ভাড়া গড়ে আড়াই হাজার টাকা। এর সঙ্গে রাতে খাবার বাবদ খরচ হয় কমপক্ষে ৫০০ টাকা। এ ছাড়া তথ্যদাতাদেরও (সোর্স) টাকা দিতে হয় ওই কর্মকর্তাদেরই। সব মিলিয়ে একেকটি দলের প্রতিদিনের খরচ কমপক্ষে চার হাজার টাকা। এ হিসাবে তিনটি থানায় ১১টি দলের প্রতিদিনের খরচ হয় ৪৪ হাজার টাকা। মাসে এই খরচের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ টাকার ওপরে। অথচ এ খাতে সরকারি কোনো বরাদ্দ নেই।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, চাঁদাবাজি করে এ খরচ মেটানো হয়।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা বলেন, থানার পুলিশের নিয়মিত সাদা পোশাকে দায়িত্ব পালন করা বাধ্যতামূলক নয়। বড় ধরনের সন্ত্রাসী গ্রেপ্তারসহ বিশেষ কোনো অভিযানের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিতে থানার পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করে থাকে। মাসের পর মাস একই কর্মকর্তার রাত-দিন সাদা পোশাকে দায়িত্ব পালনের বিষয়টি ব্যতিক্রম।এসব কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ার কথাও স্বীকার করেন এএসপি।মাদক বিক্রির স্থানগুলো থেকে ‘মাসোহারা’ আদায়ের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকের চালান আটকসহ চিহ্নিত অপরাধীদের আটক করে ‘বাণিজ্য’ করার অনেক অভিযোগ পাওয়া গেছে সাদা পোশাকধারী পুলিশের বিরুদ্ধে। নিরপরাধ লোকজনকে আটক করে ভয়ভীতির মুখে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে সাদা পোশাকধারী পুলিশের দায়িত্ব পালনকে পুঁজি করে অনেক অপরাধীও ভুয়া পরিচয়ে ছিনতাই, ডাকাতিসহ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে নিচ্ছে।সূত্র জানায়, গত শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে সশস্ত্র দুর্বৃত্তরা একটি গাড়িতে ছিনতাইয়ের চেষ্টা চালায়।গত মঙ্গলবার সাভারের সলমাসি থেকে সাদা পোশাকধারী পুলিশ মাদক ব্যবসায়ী জিন্নাকে আটকের পর ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ রকম আরও অনেক অভিযোগ পাওয়া গেছে সাদা পোশাকধারী পুলিশের বিরুদ্ধে।সাভার থানা সূত্র জানায়, সাদা পোশাকে ফেনসিডিল আটকের পর বিক্রি করার অভিযোগে কয়েক মাস আগে বরখাস্ত হয়েছেন সাভার থানার এসআই পল্টু ঘোষ। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়, যা বিচারাধীন রয়েছে। একই অপরাধে চাকরি হারান তাঁর দলের রহমত নামের এক কনস্টেবল।গত সোমবার আশুলিয়ার গোয়ালবাড়ী এলাকায় র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।সাভার থানার এসআই এমদাদুল হক বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই তিনি ও তাঁর সহকর্মী সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে গাড়ি ভাড়া ও তথ্যদাতাকে দেওয়া অর্থসহ আনুষঙ্গিক খরচ নিজেদের পকেট থেকেই বহন করেন বলে জানান তিনি।এত টাকা কোথায় পান—এ প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।আশুলিয়া থানার ওসি মো. বদরুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই কর্মকর্তাকে সাদা পোশাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদের বিষয়ে ওসি বলেন, ‘অন্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করেন কি না, তা আমার জানা নেই। তবে বিশেষ কারণে করে থাকতে পারেন।’নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানার একজন কর্মকর্তা বলেন, সাদা পোশাকে পুলিশ অপরাধ দমনের পরিবর্তে রীতিমতো ডাকাতি করে থাকে। তবে এসআই হাফিজুর রহমান ও রবিউল আলম এসব অভিযোগ অস্বীকার করেন।ধামরাই থানার এসআই জুবায়দুল হক বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে আমি সাদা পোশাকে দায়িত্ব পালন করি।’ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।