সাদা প্যানেলে বাসেত মজুমদার, নীলে মোহাম্মদ আলী লড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে আদালতপাড়া সরগরম হয়ে উঠেছে। দুই দিনব্যাপী এই নির্বাচন শুরু হবে আগামীকাল বুধবার।নির্বাচনে ১৪টি পদের বিপরীতে দুই প্যানেলে ২৮ জন এবং ছয়জন স্বতন্ত্রসহ মোট ৩৪ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম নির্বাচন করছেন।আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমার প্রধান পরিচয় আইনজীবী। নির্বাচিত হলে আইনজীবীদের সর্বাঙ্গীণ উন্নয়নে আমি কাজ করে যাব।’ তিনি এ জন্য সব আইনজীবীর সহযোগিতা চেয়েছেন।আর বিএনপি-জামায়াতের সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন নির্বাচন করছেন। মূলত এই দুই প্যানেলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন আইনজীবীরা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ জে মোহাম্মদ আলী বিগত চারদলীয় জোট সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে এর বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট হয়। তাতে অ্যাটর্নি জেনারেল হিসেবে এ জে মোহাম্মদ আলীর ভূমিকা নিয়ে বিতর্ক ওঠে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনা ঘটে।এ ছাড়া শুরুতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আরও একটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। ওই প্যানেল থেকে সভাপতি পদে আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে মোমতাজ উদ্দিন আহমদ মনোনয়নপত্রও দাখিল করেছিলেন। পরে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে সরকার-সমর্থক আইনজীবীরা একমঞ্চে আসেন। এরই ফলে ৭ মার্চ আবদুল মতিন খসরুর নেতৃত্বাধীন প্যানেল প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।নির্বাচন উপকমিটির সদস্য আইনজীবী খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ১৩ ও ১৪ মার্চ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে। তিনি জানান, এবার মোট ভোটার হলেন চার হাজার ৪৫ জন।