সমর্থক আইনজীবীদের একযোগে কাজ ও সমিতির সদস্যদের একাধিক নির্বাচনে ভোটাধিকার নিশ্চিতের কারণেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদ পেয়েছে।আর শেষ সময়ে প্রার্থী চূড়ান্ত করা, তৃতীয় প্যানেল থাকা ও একাধিক নির্বাচনে ভোটের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে না পারায় বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল কম পদ পেয়েছে।সমপ্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল নিয়ে সংশ্লিষ্ট মহলের মূল্যায়ন এটাই।দুই বছর পর সমিতির এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল। সংশ্লিষ্ট কয়েকজন জানান, এবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সমর্থকেরা অতীতের বিভেদ দূরে সরিয়ে রেখে একযোগে কাজ করেছেন। এ কারণেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে ‘আঞ্চলিকতা’ কাজ করেছে বলে অনেকের দাবি।জানতে চাইলে সমন্বয় পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনজীবী সমিতিকে দলবাজিমুক্ত রেখে দেশে সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠার জন্য অভিন্ন ভূমিকা রাখার কথা বলেছিলাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেক সদস্য জেলা আইনজীবী সমিতিরও সদস্য। তাঁদের ভোটাধিকার হরণ করা হয়েছিল বিএনপির আমলে। তাঁরা গত বছর এই অধিকার ফিরে পেয়েছেন। এটা জয়ের একটি কারণ।’২০১১ সালে বার কাউন্সিল আইন সংশোধন করায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যেসব সদস্য জেলা সমিতিরও সদস্য, তাঁদের এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়।এবার সংখ্যাগরিষ্ঠ পদ না পাওয়া সম্পর্কে গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আইনজীবী রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় প্যানেলটি আলাদাভাবে নির্বাচনে অংশ না নিলে হয়তো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হতো। আইন সংশোধন করায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যেসব সদস্য জেলা সমিতিরও সদস্য, তাঁরাও এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে তাঁদের অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত করা যায়নি বলে ধারণা করছি।’নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শেষ সময়ে এসে প্রার্থী চূড়ান্ত করা, ‘দুর্বল’ প্রার্থী নির্বাচন ও মতপার্থক্য নীল প্যানেলের এবারের অপেক্ষাকৃত খারাপ ফলের পেছনে কাজ করেছে। কেউ কেউ বিএনপি-সমর্থক আইনজীবীদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা ছিল বলেও মন্তব্য করেছেন।