নিরাপদে পথ চলতে দৃষ্টিপ্রতিবন্ধীরা সাদাছড়ি ব্যবহার করেন। দেশে দৃষ্টিপ্রতিবন্ধী পুরুষ না নারীর সংখ্যা বেশি, তার পরিসংখ্যান পাওয়া যায় না। তবে রাস্তায় সাদাছড়ি হাতে পুরুষই চোখে পড়ে বেশি। দৃষ্টিপ্রতিবন্ধী নারীরা বলছেন, সাদাছড়ি নিয়ে রাস্তায় বের হতে তাঁরা সংকোচবোধ করেন।
দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম। তিনি বলেন, ‘আমার ব্যাগে সব সময় সাদাছড়ি থাকে। কিন্তু ব্যবহার করতে কেমন যেন লজ্জা লাগে।’ সাদাছড়ি তাঁর জন্য খুবই দরকারি, এটা স্বীকার করেন বারবার। তিনি বলেন, ‘ফুটপাত থেকে নামার সময় বা হাঁটার সময় সঙ্গে যে থাকে সে বলে, সামনে গর্ত আছে, লম্বা পা দাও। কিন্তু কত লম্বা পা দেব? গর্তটি কত বড়? এসব কিছুই বুঝতে পারি না। যে লম্বা পা দিতে বলছে সেও বোঝাতে পারে না। ফলে অনেক সময় গর্তের ভেতরে ঢুকে যাই। আমার হাতে সাদাছড়ি থাকলে আমি সহজেই বুঝতে পারতাম গর্তটা কত বড়।’
দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগঠন বাংলাদেশ ভিজ্যুয়াল ইমপিয়ার্ড পিপলস সোসাইটির সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম। স্নাতক ডিগ্রিধারী দৃষ্টিপ্রতিবন্ধীরা এই সংগঠনের সদস্য হতে পারেন। নাজমা বললেন, ‘আমিই বিদেশে গেলে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সাদাছড়ি ব্যবহার করি।’
নাজমাসহ পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী নারীর সঙ্গে এই প্রতিবেদকের সাদাছড়ির ব্যবহার নিয়ে কথা হয়েছে। তাঁরা প্রত্যেকেই বলেছেন, নারীরা সাদাছড়ি নিয়ে রাস্তায় বের হতে চান না। একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ফাহিমা খাতুন বলেন, ‘আমার ব্যাগে সাদাছড়ি থাকে। সামাজিক কারণেই সব সময় ব্যবহার করি না। ছড়ি হাতে নিয়ে বাসে উঠলে অনেকে প্রথমেই আমার হাতটি না ধরে সাদাছড়ি ধরেন। এতে খুব বিব্রত বোধ করি।’
এঁদের মত হলো দৃষ্টিপ্রতিবন্ধী নারীর চেয়ে পুরুষ বেশি ঘরের বাইরে বের হন। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী নারী পথ চলতে পরিবারের অন্য সদস্যদের সহায়তা বেশি নেন। এসব সামাজিক কারণে নারী কম সাদাছড়ি ব্যবহার করছেন। তবে তাঁরা প্রত্যেকেই বলেন, সাদাছড়ি ব্যবহারে সংকোচ বা লজ্জা থাকা উচিত নয়।
আন্তর্জাতিকভাবে সাদাছড়িকে দৃষ্টিপ্রতিবন্ধী বা যাদের সমস্যা আছে তাদের ‘প্রতীক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। হাতে ছড়ি থাকলে অন্যরা বুঝতে পারবে যে তাকে বিশেষ সাহায্য করা দরকার।
দৃষ্টিপ্রতিবন্ধী জাকির হোসেন ১৯৮৯ সালে দেশে প্রথম সাদাছড়ি বানানো শুরু করেন। ৭৬ বছর বয়সী জাকির বলেন, সাদাছড়ি হাতে নিতে লজ্জা করলে নিজেরই ক্ষতি। তিনি বলেন, ‘আমার হাতের ছড়ি দেখে সমাজের অন্যরা তাদের দায়িত্ব পালন করবে। ট্রাফিক পুলিশ সাদাছড়ি দেখলে রাস্তা পার করে দেবে। আমার হাতের সাদাছড়ির শব্দই বলে দেবে সামনে পানি, কাদা, মেইন রোড, ফুটপাত, গর্ত না ড্রেন আছে।’
দৃষ্টিপ্রতিবন্ধী মানসুরা ইয়াসমিন একসময় সাদাছড়ি না নিয়েই রাস্তায় বের হতেন। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে ধাক্কা খাওয়ার চেয়ে ছড়ি ব্যবহার করা ভালো।’