সাদাপাতা গুল জর্দার ব্যবহার জরিমানার আওতায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইনের খসড়া সংশোধনীতে সাদাপাতা, গুল, জর্দাকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ফেলেছে সরকার। বর্তমানে আইন লঙ্ঘন করার জরিমানা ৫০ টাকা। খসড়া আইনে জরিমানা ৩০০ থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া তামাকজাত পণ্যের প্যাকেট ও কৌটায় ধূমপানের ক্ষতিকর প্রভাবসংবলিত ছবিসহ নতুন সতর্কবাণী প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইনের যে খসড়া ২ জুন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাতে এসব পরিবর্তন দেখা গেছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিড়ি-সিগারেটসহ সাদাপাতা, গুল, জর্দার ব্যবহার কমানোর উদ্দেশ্যে সরকার আইনে এসব পরিবর্তন এনেছে। স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আইনের সংশোধনী ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিংয়ের পর আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য ২০০৯ সালে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ছায়েদ আহম্মদের নেতৃত্বে ১২ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান আইনে নির্দিষ্ট কিছু স্থানকে ধূমপানমুক্ত ঘোষণা করা হলেও রেস্টুরেন্ট, বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা, কর্মস্থলসহ জনবহুল স্থানকে ধূমপানমুক্ত বলা হয়নি। জনবহুল এ স্থানগুলোর গুরুত্ব বিবেচনায় খসড়ায় এসব স্থানকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া যান্ত্রিক যানবাহনের পাশাপাশি অযান্ত্রিক বাহনকেও ধূমপানমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান আইনের ৭ ধারায় নির্দিষ্ট কিছু স্থানকে ধূমপান এলাকা (ডেজিগনেটেড স্মোকিং জোন) রাখার কথা উল্লেখ রয়েছে। কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার থেকে নারী, শিশুসহ সব অধূমপায়ীকে রক্ষার জন্য শতভাগ ধূমপানমুক্ত এলাকা নিশ্চিত করতে ধূমপান এলাকা রাখার ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।আইনের ৫ ও ১০ নম্বর ধারায় তামাকজাত পণ্যের যেকোনো ধরনের বিজ্ঞাপন, প্রচারণা, বিপণন কৌশল কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রস্তাব করা হয়েছে।বিদ্যমান আইনে তামাক কোম্পানিকে সরাসরি ও পর্যাপ্ত জরিমানা করা সম্ভব নয়। খসড়া আইনে তামাক কোম্পানিগুলোকে আইন ভঙ্গ হতে বিরত রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে। শাস্তি ও জরিমানার ক্ষেত্রে ব্যক্তির চেয়ে কোম্পানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।