সাদাপোশাকে অভিযানে গিয়ে রোষানলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার সাদাপোশাকে অভিযান চালাতে গিয়ে রোষানলে পড়েন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এসআইকে উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্ব সূচিতে দেখা গেছে, এসআই উত্তম কুমার রায়কে গতকাল সাইনবোর্ডে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি ওই দায়িত্ব ফেলে দুপুর ১২টার দিকে সোর্স স্বপনকে নিয়ে সাদাপোশাকে শিমড়াইল মোড়ে রেন্ট-এ-কারের স্ট্যান্ডে যান। ওই স্ট্যান্ডের চালকদের অভিযোগ, এসআই উত্তম কোনো কারণ ছাড়াই সুপারভাইজার আলমগীর হোসেনকে টেনেহিঁচড়ে একটি কালো রঙের গ্লাসের গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় স্ট্যান্ডের চালকেরা অপহরণকারী সন্দেহে ওই গাড়ি ঘিরে ফেলেন। পরে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের শান্ত করে এসআই উত্তম কুমার রায়কে গাড়িসহ নিয়ে যায়।
এসআই উত্তম কুমার রায় জানান, আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, সাদাপোশাকে নয়, পুলিশের পোশাকেই এসআই উত্তম সেখানে গিয়েছিলেন।