৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে আপিলের রায় ২৪ মে
সাদাপোশাকে গ্রেপ্তার গুরুতর বিষয়: আপিল বিভাগ
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে ১৩ বছর আগে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ২৪ মে রায়ের জন্য দিন নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই আপিল শুনানি শেষ হয়। শুনানির একপর্যায়ে আপিল বিভাগ বলেছেন, ইউনিফর্ম ছাড়া (সাদাপোশাকে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তারের ঘটনা গুরুতর বিষয়।
গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন সারা হোসেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ে যেসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে, তা দেশের সামাজিক বাস্তবতায় সম্ভব নয়। দেশে আইএসের আদলে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ নানা উগ্রবাদী গোষ্ঠী মুক্তমনাদের নৃশংসভাবে হত্যা করছে। আইনের কঠোর প্রয়োগ না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।
প্রধান বিচারপতি বলেন, ফৌজদারি কার্যবিধি একটি ঔপনিবেশিক আইন। এই আইনে যাতে মানুষের মৌলিক মানবাধিকার খর্ব না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায় পর্যালোচনা করলে মনে হয় এটি আসামিদের পক্ষেই গেছে। পুলিশ হেফাজতে কেউ
মারা গেলে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশে আইন আছে।
প্রধান বিচারপতি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, জাতির পিতার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনকারী এক মুক্তিযোদ্ধার সন্তানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর হদিস পায়নি।
এ সময় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ইউনিফর্ম ছাড়া গ্রেপ্তারের ঘটনা গুরুতর বিষয়।
শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ১৩ বছর পেরিয়ে গেলেও হাইকোর্টের রায়ের একটি নির্দেশনাও পালন করা হয়নি। মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করতে গিয়ে আদালতকে অনেক যুদ্ধ করতে হয়েছে। ওই মামলার মূল অংশটি (সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়) এখনো বাস্তবায়িত হয়নি।
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, হাইকোর্ট আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন। জাতীয় সংসদকে আইন সংশোধনের নির্দেশ কি আদালত দিতে পারেন? আদালত সুপারিশ করতে পারেন, কিন্তু আইন সংশোধন করতে বলতে পারেন না। হাইকোর্ট রায়ে যেসব সুপারিশ করেন, তা সরাসরি আইন কমিশনে পাঠানো উচিত।
প্রধান বিচারপতি বলেন, আইন কমিশনের বেশির ভাগ সুপারিশ আমলে নেওয়া হয় না।
মুরাদ রেজা বলেন, হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে তিন দিনের বেশি রিমান্ডে নেওয়া যাবে না। দেশের বর্তমান প্রেক্ষাপটে তিন দিনের রিমান্ড কি পর্যাপ্ত?
শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, পুলিশ যেসব অভিযোগপত্র তৈরি করে, তার বেশির ভাগ গৎবাঁধা। এখানে তারা কোনো ‘অ্যাপ্লিকেশন অব মাইন্ড’ প্রয়োগ করে না। পুলিশ ও রাষ্ট্রপক্ষ এত ভুল করে, এটাই আদালতের জন্য উদ্বেগের বিষয়।
পরে এম আমীর-উল ইসলাম শুনানিতে বলেন, সংবিধান পরিপন্থী বলে আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছিল। যেসব আইন সংবিধান ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী, সেগুলো পরিবর্তন করতে হবে। জাতীয় সংসদ ও বিচার বিভাগ কেউ কারও প্রতিপক্ষ নয়। মানুষের অধিকার রক্ষার জন্যই আইন প্রণয়ন করা হয়। কিন্তু যেসব আইন মৌলিক মানবাধিকারের পরিপন্থী, সেগুলো সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুসারে বিলুপ্ত বলে ধরে নিতে হবে।
মামলাসূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রুবেল মারা যান। ওই ঘটনায় ব্লাস্ট ৫৪ ও ১৬৭ ধারা সংশোধন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে। ২০০৩ সালের ৭ এপ্রিল ওই রিট আবেদনের রায়ে হাইকোর্ট কয়েকটি সুপারিশসহ সিআরপিসির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশ দেন। আর যত দিন আইন সংশোধন না হচ্ছে, তত দিন পুলিশকে মেনে চলার জন্য কয়েকটি অন্তর্বর্তী নির্দেশনা দেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় সরকার। ২০০৩ সালের ২ আগস্ট আপিল বিভাগ সরকারের আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেন। তবে হাইকোর্টের ওই অন্তর্বর্তী নির্দেশনাগুলো আপিল বিভাগ স্থগিত করেননি। সরকারও নির্দেশনাগুলো বাস্তবায়ন করেনি। এরপর সরকার আপিল করে। গতকাল আপিলের শুনানি শেষ হয়।
হাইকোর্টের নির্দেশনার অংশবিশেষ: হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, ডিটেনশন (আটকাদেশ) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না। কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা ব্যক্তিকে কারণ জানাতে হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের ভেতরে কাচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তাঁর আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে প্রভৃতি।