সাদাপোশাকে বিমা কর্মকর্তাকে তুলে নেওয়ার অভিযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি গ্রামের বিমা কর্মকর্তা আইয়ুব আলীকে পুলিশ পরিচয়ে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শিরিনা বেগম। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এ অভিযোগ করেন।
শিরিনা বেগম লিখিত বক্তব্যে বলেন, ‘আইয়ুব সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে জোনাল ইনচার্জ পদে চাকরি করেন। চাকরির কারণে তিনি রায়গঞ্জের পাবনা বাজারের এজাহার আলী মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। গত ৭ ফেব্রুয়ারি ভাড়া বাড়ি থেকে সাদাপোশাকধারী কয়েকজন পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর চোখ বেঁধে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সে সময় আমি ও আমার ছেলে-মেয়ে সুন্দরগঞ্জের বেকাটারি গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলাম। খবর পেয়ে সিরাজগঞ্জ গিয়ে প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে সাদাপোশাকে স্বামীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানতে পারি। এরপর সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা ডিবি কার্যালয়, র্যা বসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে খোঁজখবর করেও তাঁর কোনো সন্ধান পাইনি। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় জিডি করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা নেননি।’
শিরিনা বেগম বলেন, ‘আমার স্বামী কোনো অপরাধ করে থাকলে বা তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকলে আইন অনুযায়ী তাঁকে অবিলম্বে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হোক। অন্যথায় আমার স্বামীর কোনো ক্ষতি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। স্বামীকে তুলে নিয়ে যাওয়ার ১০ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাইনি। ছেলেমেয়েসহ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আইয়ুবকে রায়গঞ্জ থেকে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয়। আইয়ুবের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গত বুধবার বিকেলে তাঁকে সুন্দরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে শিরিনা গতকাল রাত সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীকে আদালতে পাঠানোর বিষয়ে পুলিশ আমাদের কিছু বলেনি। এ কারণে এ বিষয়ে আমরা কিছু জানি না।’