সাদামাটা জীবনে বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদে পদে বাধা পেয়েও দমেনি ওরা। হার মানেনি দারিদ্র্যের কাছে। গৃহশিক্ষকতা করেছে, মজুরি খেটেছে, কেউ বাজারে বসে সবজি বিক্রি করেছে। এত খাটুনির পরও পড়াশোনা চালিয়ে গেছে। পেয়েছে সাফল্য। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ওরা সবাই। সহজ-সরল জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে ওরা। পাঠক, চলুন ওদের স্বপ্নের কথা শুনি আজ।পড়া নিয়ে সংশয়ে কাওসার: দারিদ্র্য দমিয়ে রাখতে পারেনি কাওসার আহমেদকে। গৃহশিক্ষকতা করে স্কুলজীবন কাটিয়েছে। এবার সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া পানাখালী পাঞ্জাতিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দুই ভাইবোনের মধ্যে কাওসার বড়। মা আনারকলি বেগম গৃহিণী। বাবা হারুন-অর-রশিদ দিনমজুর। বাবার একার রোজগারে সংসার চলে না। তাই বাড়তি আয়ের আশায় অষ্টম শ্রেণী থেকেই সংসারের হাল ধরতে হয় তাকে। কাওসার বলে, ‘টিউশনি (গৃহশিক্ষকতা) করে তো এসএসসি পেরিয়ে গেলাম। কিন্তু ভালো রেজাল্ট করেও তো কোনো ভালো কলেজে ভর্তি হতে পারব না।’ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে।পাখির স্বপ্ন: পাখিনূরের জন্মের তিন মাস আগে বাবা আবদুন নূর মারা যান। এরপর মা নার্গিস আক্তার তাকে মামার সংসারে রেখে চলে যান ঢাকায়। নিজের অক্লান্ত পরিশ্রম, দরিদ্র মামার উৎসাহ আর শিক্ষকদের নিরন্তর সহায়তায় পাখিনূর আক্তার এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চবিদালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।মামা রিয়াজ উদ্দিন জানান, ঘরে পড়ার কোনো টেবিল নেই। রাতে তাঁর মুদির দোকান বন্ধ করার পর সেই দোকানে বসে লেখাপড়া করত পাখি। কখনো পড়ার সুবিধার জন্য চলে যেত স্কুলশিক্ষকদের বাড়িতে। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘মেয়েটি খুবই মেধাবী। কিন্তু সে কীভাবে কলেজে ভর্তি হবে, লেখাপড়া চালাবে, এটাই এখন বড় চিন্তা।’ পাখিনূরও ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।সবজি বেচে পড়েছে সুমন: জামালপুরের দিগপাইত ধরণীকান্ত উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সুমন আহমেদ। সে পঞ্চম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। সুমনের বাবা স্থানীয় ছোনটিয়া বাজারে সবজির ব্যবসা করেন। পড়াশোনার পাশাপাশি সুমনও তার বাবাকে সাহায্য করে। এভাবেই কোনোমতে চলে তাদের সংসার। সুমনের বাবা হাসেন আলী জানান, বিদ্যালয় থেকে তাঁদের বাড়ি অনেক দূর। পড়ালেখায় ছেলেটার আগ্রহ দেখে স্থানীয় মামুন স্মৃতি পাবলিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা তাঁর বাসায় সুমনকে আশ্রয় দেন এবং পড়ালেখা করান। কিন্তু সুমনকে কলেজে ভর্তি করে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে তিনি খুবই চিন্তিত। সুমন বলে, ‘আমি মুখস্থ পছন্দ করি না। গাইড বই পড়ি নাই।’ ভবিষ্যতে সে-ও একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।শিক্ষকদের অহংকার রশিদ: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এল কে এইচ উপকূলীয় উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে আবদুল রশিদ। তার বাড়ি মেঘনা নদীর পারের বালুর চর গ্রামে। এ গ্রামে আর কোনো ছেলেমেয়ে এবার এসএসসি পাস করেনি। জিপিএ-৫ কী, দিনমজুর বাবা-মা তা-ই জানেন না।সংসারে নুন আনতে পান্তা ফুরায় দশা। সেখানে সন্তানের লেখাপড়া করা বিলাসিতা বলে মনে করেন রশিদের মা-বাবা। চতুর্থ শ্রেণীতে ওঠার পর বাবা রশিদের পড়া বন্ধ করে দেন। এক বছর লেখাপড়া করেনি সে। সে সময় বাবার সঙ্গে অন্যের জমিতে দিনমজুরি করত। তবু থেমে থাকেনি রশিদ। অন্যের বাড়িতে থেকেই আবার পড়াশোনা শুরু করে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘রশিদ আমাদের বিদ্যালয়ের অহংকার। ষষ্ঠ শ্রেণী থেকে তাকে বিনা বেতনে পড়ানো হয়েছে।’জুলেখার মায়ের আক্ষেপ: ‘মেয়েটা দুই বেলা প্রাইভেট পড়াত আর নিয়মিত স্কুলে যেত। অভাবের সংসারে ভালো-মন্দ খেতে দিতেও পারি নাই।’ কথাগুলো রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বলভবিষু গ্রামের খাদিজা বেগমের। তাঁর মেয়ে জুলেখা খাতুন এবার উপজেলার শহীদবাগ বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় খাদিজা।জুলেখা জানায়, ভিটাটুকু ছাড়া তাঁদের কোনো জমিজমা নেই। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। বাবা সোহরাব আলী নৈশপ্রহরী। বাবার সামান্য আয় দিয়ে চার সদস্যের সংসার চলে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘মেয়েটা প্রত্যেক শ্রেণীতে প্রথম হতো। বিদ্যালয়ের শিক্ষকেরা ওকে বিনা পয়সায় প্রাইভেট পড়িয়েছেন।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন শংকর দাস, পটুয়াখালী; খলিল রহমান, সুনামগঞ্জ; মোস্তফা মনজু, জামালপুর; এ বি এম রিপন, রায়পুর (লক্ষ্মীপুর) ও মণি মোহন বর্মণ, কাউনিয়া (রংপুর)]