সাদাসিধে মানুষটির ওপর হামলায় বিস্মিত সহকর্মীরা

ইতালীয় নাগরিক পিয়েরো পিচম পেশায় চিকিৎসক ও ধর্মযাজক। খুবই সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। গাড়ির পরিবর্তে নীল রঙের একটি সাইকেলে চড়ে শহরে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। দুর্বৃত্তরা তাঁকে গতকাল বুধবার সকালে গুলি করে হত্যার চেষ্টা করেছে।
ফাদার পিয়েরো পিচমের ওপর হামলার ঘটনায় প্রথম আলোর কাছে নিজের বিস্ময় ও হতাশা ব্যক্ত করেছেন দিনাজপুর শহরের সুইহারী এলাকার নাভারা মিশনের প্রধান ফাদার জন বাপ্তিস্তা জাংকী। তিনি বলেন, মানুষের সেবা করতে নিজের দেশ ছেড়ে ৩০ বছর ধরে বাংলাদেশে বাস করছেন ফাদার পিয়েরো পিচম। দিনাজপুরে কাজ করছেন আট বছর ধরে। এই সময়ের মধ্যে তাঁকে অসুস্থ হতে দেখা যায়নি। যে মানুষটি আজীবন মানুষের সেবায় উৎসর্গ করার ব্রত নিয়ে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পড়ে আছেন, তাঁকেই কিনা গুলি করা হলো।
পিয়েরো পিচমের সহকর্মীরা বলেন, তিনি দিনাজপুরে এসেছেন ২০০৭ সালে। এর আগে রাজশাহীতে কাজ করেছেন ২০ বছর। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতালসহ জেলার যেখানে যে হাসপাতালে গরিব বা খ্রিষ্টান সম্প্রদায়ের রোগী ভর্তি থাকে, সেখানে গিয়ে রোগীদের সেবা করাই তাঁর কাজ।
নাভারা মিশনের জ্যেষ্ঠ সিস্টার গ্লোরিয়া কান্নাভেজা কণ্ঠে প্রথম আলোকে বলেন, বুধবার সকালে ফাদার পিয়েরো পিচম সবার সঙ্গে সকালের নাশতা সেরে আটটার সময় সাইকেল নিয়ে মিশন থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রধান ফাদার জন বাপ্তিস্তা জাংকীকে বলে যান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীকে দেখতে যাচ্ছেন। আধা ঘণ্টা পর খবর আসে দুর্বৃত্তরা তাঁর ওপর গুলি চালিয়েছে। কিন্তু ঈশ্বরের মহিমায় অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গতকাল দুপুরে দেখা যায়, খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন মিশন ও হাসপাতালে কর্মরত ফাদার, ব্রাদার ও সিস্টারসহ শত শত নারী-পুরুষ ভিড় করছেন। সবার চোখেমুখে উৎকণ্ঠার ছাপ। হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন ফাদার পিয়েরো পিচম। কেবিনের বাইরে করিডরে ভিড় ঠেলে চলা দায়। কেবিনের দরজার পাশে এক কোণে সাদা গাউন পরা ২০-২৫ জন সিস্টার দাঁড়িয়ে চোখের জল লুকানোর আপ্রাণ চেষ্টা করছেন। তাঁদের কাছে ফাদার পিয়েরো পিচম সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন বললেন, লম্বা একহারা গড়নের মানুষ ফাদার পিচম। কথা কম বললেও তাঁর মুখে হাসি এবং আন্তরিকতার অভাব নেই। কাজেও ভীষণ নিবেদিতপ্রাণ।
আরেকজন সিস্টার বললেন, ফাদার পিয়েরোর শত্রু থাকতে পারে না। তিনি মেডিসিন বিভাগের চিকিৎসক। সবার চিকিৎসা করেন। মিশনের ভেতরে তাঁর নিজস্ব ডিসপেনসারি আছে। প্রতিদিন সকালে ফাদার প্রার্থনা পরিচালনা করেন। গতকাল সকালেও করেছেন। যাঁরা তাঁকে হত্যা করতে চেয়েছিল, ঈশ্বর যেন তাঁদের ক্ষমা করে দেন।