সাদিয়া হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত আট বছরের শিশু সাদিয়া হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফৌজুল আজিম গতকাল সোমবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আড়াইহাজারের নাগরপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে আবু হোসেন (২৩) ও মৃত আবদুর রহমানের ছেলে নাছির মিয়া (৩০)। রায় ঘোষণার সময় আসামি আবু হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি নাছির মিয়া পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আবু হোসেন ও নাছির মিয়া শাপলা ফুল তোলার কথা বলে নাগরপাড়ার ইয়াকুব আলীর মেয়ে সাদিয়াকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নৌকায় করে সাদিয়াকে তাঁরা পাশের একটি বিলে নিয়ে যান। এ সময় তাঁরা জুয়ার টাকা জোগাড়ের জন্য সাদিয়ার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেন। সাদিয়া চিৎকার দিলে আসামিরা গলা টিপে তাকে হত্যা করেন। এরপর লাশ পানিতে ফেলে দিয়ে পালিয়ে যান তাঁরা। এই ঘটনায় সাদিয়ার চাচা স্বপন বাদী হয়ে আবু হোসেন ও নাছির মিয়ার বিরুদ্ধে মামলা করেন।