সাদিয়া হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূরের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার লিয়াকত আলী মোল্লার মেয়ে সাদিয়াকে গত মঙ্গলবার কে বা কারা হত্যা করে। পরদিন শহরের একটি পুকুর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে সাদিয়ার চাচাতো ভাই সামসুর রহমান, চাচাতো বোন ইসরাত জাহান, সামসুরের বন্ধু আনোয়ার হোসেন, জসিমুল ইসলাম ও মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। ওই পাঁচজনকে আগামীকাল রোববার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ময়নাতদন্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। হত্যাকাণ্ডের আগে তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। লাশ পানিতে ফেলে দেওয়ায় প্রাথমিক আলামত নষ্ট হয়ে গেছে। তার পরও নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। আজ (শনিবার) ওই প্রতিবেদন আমাদের হাতে পৌঁছাবে।’সাদিয়ার বাবা লিয়াকত আলী বলেন, ‘আমার বা আমার মেয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। আমি হত্যাকারীদের বিচার চাই।’ সাদিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে রিমান্ডে নিলে অনেক তথ্য পাওয়া যাবে। আর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে অনেক কিছু স্পষ্ট হবে।