সাদিয়ার তিন বন্ধুর চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস চাপায় নিহত মেডিকেল কলেজছাত্রী সাদিয়া হাসানের তিন বন্ধু সহপাঠী (বাঁ থেকে) নাদরাতুল নাইন, ফাতেমা তুজ জোহরা ও সাবিহা শিকদার। ছবি: আসাদুজ্জামান
বাস চাপায় নিহত মেডিকেল কলেজছাত্রী সাদিয়া হাসানের তিন বন্ধু সহপাঠী (বাঁ থেকে) নাদরাতুল নাইন, ফাতেমা তুজ জোহরা ও সাবিহা শিকদার। ছবি: আসাদুজ্জামান

তাঁর বন্ধুরা ঘুমিয়ে যেতেন কিন্তু তিনি রাত জেগে পড়তেন। তাই তাঁর ফল ভালো ছিল। আর বাকি ছিল মাত্র আট মাস। এরপর তিনি হয়ে যেতেন একজন চিকিৎসক, যা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই শৈশবে। কিন্তু তাঁর সব স্বপ্ন-সাধনা আজ শনিবার খুন করেছেন একজন বাসচালক। বাসের ধাক্কায় এই মেডিকেল শিক্ষার্থী সকালে নিহত হন। নাম তাঁর সাদিয়া হাসান (২২)। তিনি পুরান ঢাকায় অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন।

সাদিয়ার তিন ঘনিষ্ঠ বন্ধু মেডিকেল শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা, নাদরাতুল নাইন ও সাবিহা শিকদার প্রথম আলোকে বললেন, আর মাত্র আট মাস পর তাঁরা চিকিৎসক হবেন। কিন্তু সাদিয়া আর কোনো দিন চিকিৎসক হতে পারবেন না। চিকিৎসক হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করতে চেয়েছিলেন তিনি। নিহত সাদিয়ার বাড়ি রাজশাহী শহরে। তিনি রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের হোস্টেলে থেকেই লেখাপড়া করতেন।

সাদিয়ার রুমমেট ছিলেন তাঁর বন্ধু নাদরাতুল নাইন। গত বৃহস্পতিবার সাদিয়া পরীক্ষা দিয়ে বাড়ি গিয়েছিলেন মা-বাবার সঙ্গে দেখা করতে। পড়াশোনার চাপে এক বছর তিনি বাড়িতেই যাননি-বলছিলেন নাদরাতুল। আজ শনিবারও সাদিয়াদের গাইনোকলজির ওপর পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহী থেকে মা শাহীনা সুলতানাকে সঙ্গে নিয়ে মেডিকেল কলেজে ফিরছিলেন। বংশাল থেকে ন্যাশনাল মেডিকেলের দূরত্ব বড় জোর এক কিলোমিটার। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল নয়টায়। বংশালে মা-মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন, তখন সময় ৭টা ৪০ মিনিট। ঠিক তখনই সদরঘাটগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কায় দেয়।

.
.

সাদিয়ার বন্ধু ফাতেমা বললেন, ‘আর হয়তো পাঁচ মিনিট পরই সাদিয়া কলেজের হোস্টেলে পৌঁছে যেতে পারত। আমাদের সঙ্গে বসে পরীক্ষাও দিতে পারত। কিন্তু এত কাছে এসেও সাদিয়া আসতে পারল না।’ সাদিয়ার বন্ধু ফাতেমা যখন এসব কথা বলছিলেন, তখন তাঁর পাশে থাকা নাইন ও সাবিহা কেঁদে উঠছিলেন। সমস্বরে চিৎকার দিয়ে এই তিনজনই বলছিলেন, ‘কঠোর পরিশ্রম করে সাদিয়া যখন চিকিৎসক হওয়ার পথে, ঠিক তখন তাঁর এই মৃত্যু মেনে নেওয়া যায় না।’

সাদিয়ার সঙ্গে তাঁর এই তিন বন্ধুর শেষ দেখা ও কথা হয় গত বৃহস্পতিবার কলেজের ক্লাসরুমে। এক বছর বাড়িতে না যাওয়ায় সাদিয়া রাজশাহীতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তাঁর একজন শিক্ষককে সাদিয়া সেদিন বলেছিলেন, শনিবারের (আজ) পরীক্ষাটি বৃহস্পতিবার নিয়ে নেওয়ার জন্য। নিয়ম না থাকায় সেদিন আর তিনি সেই পরীক্ষাটি দিতে পারেননি।

ফাতেমা তুজ জোহরা বললেন, ‘সাদিয়া ছিল হাসিখুশি একটা মেয়ে। ও অনেক ভালো মেয়ে ছিল। যেকোনো বিষয়ে ওর জ্ঞান ছিল। যেকোনো বিষয় সুন্দর করে গুছিয়ে বলতে পারত।’ সাদিয়া প্রায় তাঁর বন্ধুদের বলতেন, চিকিৎসক হয়ে তিনি বিনা মূল্যে গরিব রোগীদের সেবা করবেন।

সাদিয়া ঢাকায় থাকলেও তাঁর মন পড়ে থাকত বাড়িতে। বিশেষ করে তাঁর মাকে তিনি খুব ভালো বাসতেন। সাদিয়ার বন্ধু নাদরাতুল নাইন প্রথম আলোকে বলেন, ‘সাদিয়ার জগৎ ছিল মা-কেন্দ্রিক। বড্ড বেশি মাকে ভালোবাসত। মোবাইল ফোনে একনাগাড়ে এক ঘণ্টা, আধা ঘণ্টা ধরে কথা বলত। মায়ের কথা খুব মনে পড়ত। তাই আজ শনিবার পরীক্ষা থাকা সত্ত্বেও শুধু তাঁর মাকে দেখার জন্য ও (সাদিয়া) রাজশাহী গিয়েছিল।’