সাদিয়ার লেখাপড়ার দায়িত্ব নিলেন একজন আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার এফবি ইসরাত ট্রলারের নিহত মাঝি সৈয়দ আলমের মেয়ে সাদিয়ার লেখাপড়ার দায়িত্ব নিলেন কুমিল্লার আইনজীবী খোরশেদ আলম।সৈয়দ আলম ও তাঁর ছেলে সোহাগসহ ১১ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ওই একই ট্রলারের হামিদুল হকসহ পাঁচ রোহিঙ্গা জেলের হাতে হত্যার শিকার হন। এ ঘটনায় প্রথম আলোতে ১৩ জানুয়ারি ‘সাগরে ১১ জেলেকে হত্যার সাত দিনেও লাশ মেলেনি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ওই আইনজীবী সাদিয়ার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাদিয়া পাথরঘাটা নতুনবাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।গত বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাদিয়া ও তার পরিবারের হাতে শিক্ষার উপকরণ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সাদিয়ার পরিবারের এক মাসের বাজারসদাইয়ের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, তিন কেজি সয়াবিন তেল, আলু, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এ খাদ্যসামগ্রী গ্রহণ করেন সাদিয়ার মা ফরিদা বেগম ও ভাই সোহেল। এ ছাড়া তার মা ফরিদা বেগমের হাতে তুলে দেওয়া হয় নগদ এক হাজার টাকা। আর সাদিয়ার হাতে তুলে দেওয়া হয় একটি স্কুল ব্যাগ, স্কুলের পোশাক, ২০ দিস্তা কাগজ, খাতা, কলম-পেনসিল, জ্যামিতি বক্সসহ শিক্ষার বিভিন্ন উপকরণ।