সাদুল্যাপুর ও তাড়াশে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সমিতির নামে খাস পুকুর ইজারা নেওয়ার জন্য টাকা তোলাকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে আবজাল হোসেন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। গাইবান্ধার সাদুল্যাপুরে গত বৃহস্পতিবার জমির আইলের মাটি কাটা নিয়ে সংঘর্ষে বাবলু মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সাদুল্যাপুর থানার ওসি মজনুর রহমান জানান, বাবলু মিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে জমির আইলে মাটি কাটার সময় একই গ্রামের ময়নুল হক বাধা দেন। একপর্যায়ে ময়নুল হক ও তাঁর লোকজন বাবলুকে মারধর করেন। বাবলুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতে মারা যান। তাড়াশ সদর ইউনিয়নের উলিপুর গ্রামের সমাজভিত্তিক মৎস্য চাষ সমিতি একটি দিঘি ইজারা নেওয়ার জন্য সরকারি তহবিলে টাকা জমা দেয়। কিন্তু সমিতির সদস্যদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলার অভিযোগে সভাপতি আবদুর রউফসহ কয়েকজনের সঙ্গে সদস্য বাহাদুর আলী পক্ষের দ্বন্দ্ব চলছিল। বুধবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা পুকুরটি সমিতিকে বুঝিয়ে দিতে যান। এ সময়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে ১৫ জন আহত হয়। বাহাদুর আলীর পক্ষের আবজাল হোসেনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তিনি মারা যান।