সাদুল্যাপুরে আ. লীগের নেতা-কর্মীদের হাতে জাপার সাংসদ লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ি) আসন থেকে নির্বাচিত মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ টি আই এম ফজলে রাব্বি চৌধুরী লাঞ্ছিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটায় সাদুল্যাপুর উপজেলা পরিষদের ওয়েবসাইট উদ্বোধনের কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে রাব্বি। বেলা তিনটা থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। তাঁরা উপজেলার সব কার্যক্রম থেকে সাংসদকে বর্জনের দাবিতে পরিষদ চত্বরে বিক্ষোভ-সমাবেশ করেন। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার খান, যুবলীগের আহ্বায়ক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে সাংসদকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিকেল পাঁচটার দিকে সাংসদ ফজলে রাব্বি পরিষদ চত্বরে এলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ঘিরে রাখেন। ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি উপজেলা পরিষদের একটি কক্ষে আশ্রয় নেন। সেখানে ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পর পুলিশ কড়া নিরাপত্তায় তাঁকে পলাশবাড়ি পৌঁছে দেয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সাংসদের গাড়ি ভাঙচুরের কথা নিশ্চিত করেছেন। সাংসদ ফজলে রাব্বি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এ ঘটনা ঘটেছে। যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বলেন, উন্নয়ন কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগে অনিয়ম ও নিয়োগবাণিজ্যের কারণে তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা এ ঘটনা ঘটায়। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও জড়িত থাকতে পারেন।