সাদুল্যাপুরে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের টাকা লুটপাট
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকের পরিবর্তে অবৈধভাবে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাটি ভরাট করা হয়েছে৷ এ ছাড়া, ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় প্রায় পাঁচ একর জমি দেবে বিশাল পুকুরে পরিণত হয়েছে। ব্যক্তিমালিকানাধীন এক একর আবাদি জমিও পুকুরে পরিণত হয়েছে।
উপজেলা জাতীয় কৃষক সমিতির সম্পাদক কামরুল ইসলাম অভিযোগ করেন, কাজ চলাকালে শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি মাটিও ভরাট করা হবে। সরকার এই দুই উদ্দেশ্যে কাজের প্রাক-জরিপ করেই ২৬ লাখ টাকা মূল্যের ৮৭ মেট্রিক টনের বেশি গম বরাদ্দ দেয়। কিন্তু প্রকল্প চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে যন্ত্র দিয়ে মাটি ভরাট করে টাকা সাশ্রয় করে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করেছেন৷
শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্রের মালিক ও উপজেলার সাহারবাজার গ্রামের ময়নুল হক বলেন, ‘আমি দুটি মেশিন দিয়ে প্রকল্পের সব মাটি ভরাট করে দিয়েছি৷ এতে আমি পেয়েছি ১০ লাখ ৩৪ হাজার টাকা৷’
লুটপাটের অভিযোগ অস্বীকার করে প্রকল্পের চেয়ারম্যান ও নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আলম বলেন, ‘পাশের দামোদরপুর ইউনিয়ন পরিষদ সচিব আফলাক হোসেন প্রকল্পটি তদবির করে এনেছেন। আমি কেবল প্রকল্প চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি৷’ তিনি দাবি করেন, প্রকল্প এলাকায় মাটি না পাওয়ায় মেশিন দিয়ে বালু তুলে ভরাট করা হয়েছে। আর এ জন্য ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব বলেন, ‘এ সম্পর্কে আমার কিছু জানা নেই৷ খোঁজ নিয়ে দেখব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির বলেন, নিয়ম অনুযায়ী মাটি ভরাট করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, শ্রীরামপুর গ্রামের এক একর খাসজমিতে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট করা হয়। এ জন্য ৮৭ দশমিক ৩১ মেট্রিক টন গম বরাদ্দ আসে। প্রতি টন ২৯ হাজার ৮০০ টাকা হিসাবে এই গমের মূল্য প্রায় ২৬ লাখ টাকা। সরকারি নিয়ম অনুযায়ী, শ্রমিক দিয়ে মাটি ভরাট এবং প্রকল্পের চারদিকে ও ওপরের অংশে শক্ত মাটি ফেলার কথা৷
১০ মে সরেজমিনে দেখা গেছে, পুরো প্রকল্প এলাকা বালু দিয়ে ভরাট করা হয়েছে। কোথাও শক্ত মাটি নেই৷ পাশেই মরা ঘাঘট নদীর যে স্থান থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তোলা হয়েছে, সেখানে বিশাল জলাশয়৷
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত টানা তিন মাস প্রকল্পসংলগ্ন মরা ঘাঘট নদীতে দুটি যন্ত্র বসিয়ে বালু তোলা হয়। ফলে সমতল মরা ঘাঘট নদীর তলদেশের প্রায় পাঁচ একর ভূমি ধসে যায়৷ পরিণত হয় ২০-২৫ ফুট গভীর পুকুরে। পুকুরের দক্ষিণ পাশের ব্যক্তিমালিকানাধীন আটজন কৃষকের এক একর আবাদি জমিও বিলীন হয়। অথচ সেই ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
শ্রীরামপুর গ্রামের কৃষক মোখলেছার রহমান বলেন, ‘জলাশয়সংলগ্ন আমার ৫৪ শতক জমিতে কাউন চাষ করেছিলাম। এর মধ্যে কাউনসহ ১৫ শতক ভেঙে গেছে। এখনো ক্ষতিপূরণের টাকা পাইনি।’ প্রায় একই ধরনের কথা বলেন গ্রামের কৃষক ফরহাদ মিয়া, নজরুল ইসলাম ও ভুট্টু মিয়া৷ তাঁরা বলেন, বালু উত্তোলনের সময় বাধা দিলে প্রকল্প চেয়ারম্যান ক্ষতিপূরণের আশ্বাস দেন। কাজ শেষে এখন টাকা দিতে টালবাহানা করছেন।
শ্রীরামপুর গ্রামের দিনমজুর কলিম উদ্দিন বলেন, ‘যে সমায় মাটির কাম হচে, তকন গায়োত কাম আচিলো না। হামারঘরোক মাটির কামোত না নিয়া ওমরা মেসিন দিয়া মাটি কাটচে।’ একই গ্রামের দিনমজুর খয়বর মিয়া, জহুরুল ইসলাম, আবেদ আলী, জবেদ মিয়াসহ কয়েকজন একই কথা বলেন৷