সাদুল্যাপুরে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যাত্রীবাহী বাসসহ ৮-১০টি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন একজন যাত্রী ও ট্রাকের তিনজন চালক। তাঁদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার ধাপেরহাট বত্রিশ মাইল এলাকায় অবস্থিত পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।
পুলিশ ও ডাকাতির কবলে পড়া
যানবাহনের চালকেরা জানান, রাত ১২টার দিকে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত পুলিশ বক্সের সামনে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। তারা ৮-১০টি যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ট্রাক ও কাভার্ডভ্যান আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ কমপক্ষে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় ডাকাতদের অস্ত্রের আঘাতে ট্রাকচালক আবদুল মতিন মিয়া, আবুল বাশার, সামস উদ্দিন ও বাসযাত্রী আমিনুল ইসলাম আহত হন।
এদিকে ডাকাতেরা চলে যাওয়ার পর ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে আশপাশের গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ সদস্যরা ক্ষমা চেয়ে রক্ষা পান।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা খাওয়ার জন্য বাইরে যান। এ সুযোগে ডাকাতেরা সড়কে গাছ ফেলে ডাকাতি করে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।