সাদুল্যাপুরে দাদনের টাকা না পেয়ে তরুণীকে মারধর
দাদনের টাকা না দিতে পারায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের দীপসি তরুণী দাসকে (১৮) মারধর করেছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে। আটক হওয়া রবিউল ইসলাম (৪০) ধাপেরহাট বন্দর এলাকার আছির উদ্দিন মাস্টারের ছেলে। পুলিশ জানায়, কিছুদিন আগে পালানপাড়া গ্রামের দেবেন্দ্র চন্দ্র দাস মাসিক ৯০০ টাকা সুদে ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দাদন ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা ঋণ নেন। গত পাঁচ মাসে সুদ-আসলে মোট নয় হাজার টাকা দাঁড়ায়। এর মধ্যে দেবেন্দ্র চন্দ্র দাস পাঁচ হাজার টাকা পরিশোধ করেন। অবশিষ্ট টাকা দিতে না পারায় যুবলীগের নেতা নানা ধরনের হুমকি দেন। তাঁর ভয়ে দেবেন্দ্র চন্দ্র স্ত্রীসহ নিরুদ্দেশ হন। কিন্তু টাকা ছাড় দিতে রাজি নন রবিউল ইসলাম। তিনি গত রোববার দুপুরে অবশিষ্ট টাকার জন্য দেবেন্দ্রর বাড়িতে যান। সেখানে দেবেন্দ্রকে না পেয়ে তাঁর মেয়ে দীপসি তরুণী দাসের ওপর চড়াও হন রবিউল ইসলাম। একপর্যায়ে যুবলীগের নেতা তরুণী দাসকে মারধর শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে রবিউলকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পার্শ্ববর্তী ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নেন। উত্তেজিত জনতা পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে। তারা রবিউলকে সেখানে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাদুল্যাপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রবিউলকে গ্রেপ্তার করে।