সাদুল্যাপুরে নকল ধানবীজ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের একটি বাড়ি থেকে গতকাল শনিবার নকল ধান বীজের তিন শতাধিক প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন কুমার (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাদুল্যাপুর বাজারের সুজন স্টোরের মালিক সুজন কুমার উপজেলা সদরের হামিন্দপুর এলাকার কার্তিক চন্দ্রের বাড়ি ভাড়া নিয়ে শ্রমিক দিয়ে নকল ধানবীজ প্যাকেট করছিলেন। তিনি বিআর ২৮ জাতের ধান বাজারে বীজ হিসেবে বিক্রির জন্য এ প্রতারণার আশ্রয় নেন। গতকাল দুপুরে এই বাড়িতে অভিযান চালিয়ে এসব নকল ধানবীজ উদ্ধার ও বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) লেবেলসহ নতুন প্যাকেট করার একটি মেশিন জব্দ করা হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।