সাদুল্যাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গত সোমবার রাতে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। আল-আমিনকে বাঁচাতে গিয়ে তাঁর বন্ধু তাহাদুল ইসলামও (৩৮) বেধড়ক মারধরের শিকার হন। তাঁরও এক পা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে খোদাবকস গ্রামের আল-আমিনের (৩৫) সঙ্গে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাত আটটার দিকে শহিদুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আল-আমিনের বাড়িতে হামলা চালায়। এ সময় বেধড়ক পেটানোর পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একপর্যায়ে আল-আমিনের দুটি পা কেটে ফেলা হয়। এগিয়ে গেলে আল-আমিনের বন্ধু একই গ্রামের তাহাদুলকেও সন্ত্রাসীরা পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর একটি পা মারাত্মক জখম করে। এ সময় সন্ত্রাসীরা আল-আমিনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ভয়ে কোনো গ্রামবাসী সেখানে যাওয়ার সাহস পাননি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই আল-আমিন ও তাহাদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে আল-আমিন মারা যান। সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম নিহত আল-আমিনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।