দেড় বছরেও ছয়টি নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি
সাদুল্যাপুরে বোরো মৌসুমে সেচ নিয়ে দিশেহারা কৃষক
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছয়টি গভীর নলকূপে দীর্ঘ দেড় বছরেও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। ফলে আসন্ন বোরো রোপণ মৌসুমে সেচ দেওয়া নিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
সাদুল্যাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের প্রথম দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ি গোবিন্দপুর, সদরপাড়া, হিংগারপাড়া, ছোটছত্রগাছা ও আরাজি ছত্রগাছা এই পাঁচ গ্রামে ছয়টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এর মধ্যে সদরপাড়া গ্রামে দুইটি। ওই বছরের ৩ জুলাই বিদ্যুৎ-সংযোগের জন্য অগ্রণী ব্যাংক সাদুল্যাপুর শাখায় জামানতের টাকা জমা দেওয়া হয়। প্রতি সংযোগের জন্য এক লাখ হিসাবে ছয়টি গভীর নলকূপের জন্য মোট ছয় লাখ টাকা নেওয়া হয়। ওই মাসেই গভীর নলকূপ ব্যবস্থাপকেরা বিদ্যুৎ-সংযোগের জন্য রংপুরের শঠিবাড়ির পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর গভীর নলকূপ স্থাপনে পাইপ স্থাপন, ঘর ও নর্দমা নির্মাণের কাজ শুরু হয়। ২০১৫ সালের জুন মাসে এসব নির্মাণকাজ সম্পন্ন হয়। নলকূপের ঘর পর্যন্ত পল্লী বিদ্যুতের লাইনও টানা হয়েছে। শুধু সংযোগ দিলেই সেচপাম্প চালু হবে। এরপর দেড় বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু ওই ছয়টি গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি।
ছাইগািড় গোবিন্দপুর গ্রামের গভীর নলকূপ ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, ‘দেড় বছর ধরে বিদ্যুৎ-সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ ও বরেন্দ্র কার্যালয়ের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু কোনো বিভাগের লোকজনের টনক নড়ছে না।’
সদরপাড়া গ্রামের গভীর নলকূপ ব্যবস্থাপক মহসিন আলী মণ্ডল বলেন, ‘আমাদের গ্রামে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নলকূপের জন্য পাকাঘর ও নর্দমা নির্মাণ করা হয়েছে। এমনকি ঘরের ওপর দিয়ে বিদ্যুতের লাইনও রয়েছে। অথচ বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে না। ফলে জমিতে পানি সেচ দেওয়া যাচ্ছে না।’
ছাইগাড়ি গোবিন্দপুর গ্রামের কৃষক রাজু মিয়া বলেন, ‘বরেন্দ্র পরিচালিত গভীর নলকূপ থেকে প্রতি বিঘায় পানি সেচ খরচ দেড় হাজার টাকা। কিন্তু ডিজেলচালিত শ্যালোমেশিন দিয়ে প্রতি বিঘা জমিতে পানি সেচ বাবদ দুই হাজার টাকা নেওয়া হয়। তাই আমরা গভীর নলকূপের আওতায় চাষাবাদ করতে চেয়েছিলাম। কিন্তু বিদ্যুৎ-সংযোগের অভাবে কম খরচে পানি সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।’
হিংগারপাড়া গ্রামের কৃষক সোলায়মান আলী বলেন, ‘এমনিতেই সার, তেলসহ কৃষি উপকরণের মূল্য বেড়ে গেছে। এ অবস্থায় গভীর নলকূপ চালু হলে উৎপাদন খরচ অনেক কমে যাবে। কৃষকেরা লাভবান হবেন। এ ছাড়া বোরো রোপণ মৌসুম আসন্ন। অথচ সংযোগের বিষয়ে কারও মাথাব্যথা নেই।’
সদরপাড়া গ্রামের কৃষক হিরু মিয়া বলেন, ডিসেম্বর মাসের শেষের দিকে বোরো চাষ শুরু হবে। কিন্তু কবে সংযোগ দেওয়া হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ফলে পানি সেচ দেওয়া নিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে সাদুল্যাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের সহকারী প্রকৌশলী আলী হোসেন গতকাল রোববার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা যাবতীয় কার্যক্রম শেষ করে পল্লী বিদ্যুৎ বিভাগকে লিখিতভাবে সুপারিশ করেছি। কিন্তু কেন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না।’
সাদুল্যাপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক সামছুল হক গতকাল মুঠোফোনে বলেন, অচিরেই বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।