সাদুল্যাপুরে মাটি চাপা পড়ে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের সাদুল্যাপুর উপজেলার মনদুয়ার জয়েনপুর এলাকায় গতকাল সোমবার রাতে মাটি চাপা পড়ে এক কলেজছাত্রীসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রী ও উপজেলার মনদুয়ার গ্রামের কাকুলি আক্তার (২৩), তাঁর ফুফা জয়েনপুর গ্রামের আবদুস ছাত্তার (৬০) ও কুদ্দুস মিয়া (৩০)।
সাদুল্যাপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি নতুন সেতু নির্মাণের জন্য মনদুয়ার জয়েনপুর এলাকায় একটি পুরোনো সেতু ভাঙার কাজ শুরু হয়। গতকাল সন্ধ্যায় পুরোনো সেতুর ভাঙার কাজ শেষে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। রাত আটটার দিকে স্থানীয় লোকজন সেতুর নিচে ভাঙা ইট সংগ্রহ করতে যান। তাঁরা দক্ষিণ-পূর্ব পাশের সেতুর সংযোগ সড়কের বিশাল অংশে ইট টেনে খুলতে থাকেন। একপর্যায়ে সড়কের মাটি ভেঙে পড়ে। মাটির নিচে চাপা পড়ে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কাকুলি, ছাত্তার ও কুদ্দুস মারা যান। আহত সাতজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার মনদুয়ার জয়েনপুর গ্রামের আরিফ মিয়া (১৫), সেলিনা বেগম (৪০) ও মিনারা বেগম (২৫)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাটির নিচে আরও কেউ আছে কি না, তা দেখার জন্য গতকাল রাত ১০টা পর্যন্ত গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছিলেন।