সাদুল্যাপুরে সড়কগুলোর এ কী হাল!
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের ২৭ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। সড়কগুলোর ইট-খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই ধারের মাটি ধসে গেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাদুল্যাপুর কার্যালয় সূত্র জানায়, উপজেলা শহরের পাঁচটি দীর্ঘ পাকা সড়কের মোট ৬৭ কিলোমিটারের মধ্যে সংস্কারের অভাবে ২৭ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কগুলো দিয়ে উপজেলা শহরে ঢুকতে হয়। সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়কের হামিন্দপুর থেকে ব্র্যাক মোড় পর্যন্ত, সাদুল্যাপুর-ভাতগ্রাম সড়ক, গাইবান্ধা-সাদুল্যাপুর-মিরপুর সড়কের উপজেলা কাঁচাবাজার থেকে মংলা বন্দর পর্যন্ত, সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের উপজেলা বন্দর থেকে ঘেঘারবাজার পর্যন্ত ও সাদুল্যাপুর-তুলসীঘাট সড়কের সাদুল্যাপুর গার্লস কলেজ থেকে কবিরেরপাড়া পর্যন্ত সড়ক ক্ষতবিক্ষত হয়ে পড়েছে।অনুসন্ধানে জানা গেছে, খানাখন্দের সৃষ্টি হওয়ায় সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়কের হামিন্দপুর ও বটতলা নামক স্থান চলাচলের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। নলডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, নলডাঙ্গা, দামোদরপুর, কামারপাড়া ও রসুলপুর ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ এই সড়ক ধরে উপজেলা শহরে যাতায়াত করে। কিন্তু বিধ্বস্ত সড়কের কারণে তাঁদের নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেই। সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের খোদ্দরুহিয়া, পাঠানোছা, জামলারজান এলাকায় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলার ধাপেরহাট গ্রামের চাকরিজীবী সোলায়মান আলী বলেন, এই সড়কে রোগী বহন তো দূরের কথা, সুস্থ মানুষও চলাচল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। এদিকে গাইবান্ধা-সাদুল্যাপুর-মিরপুর সড়কটি ধাপেরহাট এলাকায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে মিলিত হয়েছে। সাদুল্যাপুর শহরের সংস্কৃতিকর্মী খোরশেদ আলম বলেন, সড়কটি এমনিতেই সরু। উপরন্তু খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চালাতে অনেকেই ঝুঁকি নিচ্ছেন না। উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল মুনছুর বলেন, এসব সড়ক সংস্কারের জন্য এক কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর, গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. সেলিম বলেন, সাদুল্যাপুর থেকে মিরপুর হয়ে মাদারগঞ্জ পর্যন্ত সড়ক মেরামতের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দ্রুত দরপত্র আহ্বান করা হবে।