সাদুল্লাপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদককে অব্যাহতি: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক শাহারিয়া খান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে পদ থেকে অব্যাহতি দেওয়াসহ নানা অনিয়ম, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন।

সোমবার দুপুরে শহীদ মিনারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার।

লিখিত বক্তব্যে জাকারিয়া খন্দকার বলেন, বিধিবহির্ভূতভাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান ১৪৪ ধারা উপেক্ষা করে রোববার উপজেলা আওয়ামী লীগের এক সভা করেন। সেই সভায় ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে তাঁকে (জাকারিয়া খন্দকার) অব্যাহতিসহ প্রাথমিক সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ এই সিদ্ধান্ত আওয়ামী লীগের কোনো স্তরের নেতা–কর্মীই মানতে বাধ্য নন। সংবাদ সম্মেলনে তিনি ওই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাধারণ সম্পাদক শাহারিয়া খানের বিরুদ্ধে নানা অনিয়ম ও সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে ধরেন তিনি। এ ছাড়া সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় সাধারণ সম্পাদকের পদ থেকে শাহারিয়া খানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এর আগে রোববার দুপুরে জাকারিয়া খন্দকার কর্তৃক বিভ্রান্তি সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহারিয়া খান। উপজেলা শহরের পশ্চিম পাড়ার তালতলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা উপলক্ষে দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ সৃষ্টির নানা চেষ্টা চলছে। এরপরও দলের ৪৮ জন নেতা–কর্মীর উপস্থিতিতে সভা হয়। সভায় বিভেদ সৃষ্টিকারী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া খন্দকারকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। দল থেকে তাঁর সদস্যপদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি লিখিতভাবে জানানোর কথাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।

রোববার ৩০ মে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহ্বান করেন। কিন্তু একই দিনে ও একই সময়ে সভা আহ্বানে সহিংসতার আশঙ্কা দেখা দেয়। এতে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব চত্বর এলাকাসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ।