সাদেক হোসেন খোকার জামিন আবেদন নাকচ
হরতালের দিন অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা চার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ জহুরুল হক এই আদেশ দেন।
রমনা, মোহাম্মদপুর, শাহবাগ ও তেজগাঁও থানার চার মামলায় সাদেক হোসেনের পক্ষে জামিনের আবেদন করা হয়। তাঁর পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, সাদেক হোসেনকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে তাঁর নাম নেই। আসামি অসুস্থ। তাই জামিন পেতে পারেন। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করেন।
গত বছরের ৪ ডিসেম্বর রাতে সাদেক হোসেনকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের বাসা গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত বুধবার মতিঝিল থানার পৃথক তিন মামলায় বিএনপি নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, খন্দকার মাহবুব হোসেন ও শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে জামিনের আবেদন করা হয়। মহানগর দায়রা জজ আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে দেন।