সাদেক হোসেনকে ২৫ জুন হাজির হতে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে তলবি নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে ২৫ জুন সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
ওই মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম স্বাক্ষরিত নোটিশটি গতকাল সোমবার বিকেলে সাদেক হোসেনের গোপীবাগ ও গুলশানের বাসার ঠিকানায় বিশেষ বাহক মারফত পাঠানো হয়। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সাদেক হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
অবিভক্ত ডিসিসির বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাদেক হোসেনসহ আটজনের বিরুদ্ধে গত বছরের ২৪ আগস্ট ওই মামলা করে দুদক। অন্য সাত আসামি হলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন। এই সাতজনের মধ্যে পাঁচজনকেও জিজ্ঞাসাবাদে হাজির হতে গতকাল নোটিশ পাঠানো হয়। তাঁদের মধ্যে মোহাম্মদ আলী, মোতালেব হোসেন ও ফারুক হোসেনকে ২৪ জুন এবং মো. বাচ্চু মিয়া ও মহসিন উদ্দিন মোড়লকে ২৫ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।