সিটি করপোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারে দুর্নীতির মাধ্যমে দোকান বরাদ্দের অভিযোগে করা মামলায় বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান গতকাল রোববার এ মামলায় অভিযোগ গঠন করেন। এর মধ্যে দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। সাদেক হোসেনসহ তিনজনকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।
সাদেক হোসেন ছাড়া এ মামলায় অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মো. আলী, সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল। সাদেক হোসেন, মোতালেব হোসেন ও ফারুক হোসেনকে পলাতক দেখানো হয়েছে। বাকি চারজন জামিনে আছেন। গতকাল তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারের বেজমেন্টে আসামিরা পরস্পর যোগসাজশে নিয়মের বাইরে বেশ কিছু দোকান বরাদ্দ দেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০১৪ সালের ২৪ আগস্ট মামলা করেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর সাদেক হোসেনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম।