সাদ্দামকে হত্যা করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর-পণ্ডিতপাড়া গ্রামের সাদ্দাম হোসেনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের মা ও বোন। গতকাল বুধবার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তাঁরা এ অভিযোগ করেন। সাদ্দামের মা মনোয়ারা বেগম ও বোন সুলতানা খাতুনের ভাষ্যমতে, সাদ্দাম ৪ জানুয়ারি বাড়ির কাছে সীমান্তবর্তী একটি গমখেতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায় এবং নির্যাতন চালিয়ে হত্যা করে। মঙ্গলবার পদ্মা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরিবারের দেওয়া তথ্যমতে, সাদ্দামকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ওই দিনই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শিংনগর ক্যাম্পে জানানো হয়। এ নিয়ে একই দিন বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে সাদ্দামকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বিএসএফ।তবে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিএসএফের সঙ্গে ওই দিন পতাকা বৈঠক করার কথা অস্বীকার করেন। শিবগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সাদ্দামের লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে স্থানীয় কবরস্থানে সাদ্দামের মরদেহ দাফন করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।