খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার ১৬টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাকোপের নয়টি ইউনিয়নে ৩৬ জন এবং বটিয়াঘাটার সাতটি ইউনিয়নে ৩৩ জন নারী সরাসরি পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রার্থীদের সবাই নারীদের সংগঠন ‘নারীবিকাশ কেন্দ্র’র বিভিন্ন পর্যায়ের নেত্রী।
দাকোপ ও বটিয়াঘাটা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড নয়টি। দাকোপে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৫২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ৩৬ জন নারী। উপজেলার পানখালী ইউনিয়নে চারজন, দাকোপ সদরে তিনজন, লাউডোবে তিনজন, কৈলাশগঞ্জে পাঁচজন, সুতারখালীতে পাঁচজন, কামারখোলায় চারজন, তিলডাঙ্গায় চারজন, বাজুয়ায় চারজন ও বাণীশান্তায় চারজন নারী প্রার্থী সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বটিয়াঘাটার সাতটি ইউনিয়নের সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ৩৩ জন নারী। উপজেলার জলমা ইউনিয়নে চারজন, সদরে ছয়জন, গঙ্গারামপুরে পাঁচজন, সুরখালীতে চারজন, ভান্ডার কোটে পাঁচজন, বালিয়াডাঙ্গায় পাঁচজন এবং আমীরপুর ইউনিয়নে চারজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার সংরক্ষিত আসন ছাড়া সাধারণ ওয়ার্ডে এত বেশি নারী প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে। সুতারখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটার দেবরাজ মণ্ডল বলেন, ‘পুরুষেরা তো সব সময় হয়, একবার একটু পরিবর্তন করে দেখি।’
নারীবিকাশ কেন্দ্রের দাকোপ উপজেলা সমন্বয় কমিটির সভাপতি দানকুমারী বলেন, শুধু সংরক্ষিত আসনে নির্বাচন করলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে না। নারীকে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিটি এবং স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের যেসব জায়গাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেখানে নারীদের পর্যাপ্ত সক্রিয় অংশগ্রহণ না থাকলে নারীর অধিকার আন্দোলন ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে।
নারীবিকাশ কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি অলকানন্দা দাস প্রথম আলোকে বলেন, ‘ইউপি নির্বাচনের ইতিহাসে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাতে সাধারণ ওয়ার্ডে এত নারী প্রার্থী পূর্বে কখনো অংশগ্রহণ করেননি। কয়েক বছর ধরে এসব নারী প্রার্থীরা এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। সাধারণ আসনে প্রার্থী হওয়ার মাধ্যমে ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে নারীরা।’